প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬
জন্মদিনে তামিমকে টপকে ইতিহাস গড়লেন মুশফিক
নিউজ ডেস্ক ||
নিজের ৩৯তম জন্মদিনটি স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে আজ শনিবার (০৯ মে) ক্যারিয়ারের ২৯তম অর্ধশতক স্পর্শ করার মাধ্যমে এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন তিনি। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশিবার পঞ্চাশোর্ধ্ব রান করার রেকর্ডটি এখন এককভাবে নিজের করে নিলেন অভিজ্ঞ এই ব্যাটার।এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন তামিম ইকবাল। ৪১টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস (১০ সেঞ্চুরি ও ৩১ ফিফটি) নিয়ে শীর্ষে ছিলেন দেশসেরা এই ওপেনার। আজ মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে দিনের শুরুতে শাহিন শাহ আফ্রিদির বলে এক রান নিয়ে ব্যক্তিগত ফিফটি পূর্ণ করার মাধ্যমে তামিমকে পেছনে ফেলেন মুশফিক। টেস্ট ফরম্যাটে এটি তার ৪২তম পঞ্চাশোর্ধ্ব (১৩ সেঞ্চুরি ও ২৯ ফিফটি) ইনিংস।শনিবার টেস্টের দ্বিতীয় দিনে ৪৮ রান নিয়ে ব্যাট করতে নামেন মুশফিক। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা শেষ দুই ইনিংসেও (৫৩* ও ১০৬) পঞ্চাশের ঘর ছাড়িয়েছিলেন তিনি। অর্থাৎ টানা তিন ইনিংসে হাফ সেঞ্চুরি বা তার বেশি রান করার ধারাবাহিকতা বজায় রাখলেন এই ‘মিস্টার ডিপেন্ডেবল’।বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলার তালিকায় মুশফিক ও তামিমের পরের অবস্থানে আছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। তিনি মোট ৩৯ বার এই কৃতিত্ব দেখিয়েছেন। তালিকার চতুর্থ স্থানে থাকা সাকিব আল হাসানের ফিফটি ও সেঞ্চুরির সম্মিলিত সংখ্যা ৩৬টি।দিনের শুরুতেই মাইলফলক স্পর্শ করা মুশফিকের ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ। জন্মদিন আর রেকর্ড—সব মিলিয়ে মিরপুরের সবুজ ঘাসে আজ শুধুই মুশফিকময় এক সকাল।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত