প্রিন্ট এর তারিখ : ১০ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
গফরগাঁওয়ের নুরুল হক হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
নিউজ ডেস্ক ||
ময়মনসিংহের গফরগাঁওয়ের নুরুল হক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হলো গফরগাঁওয়ের শিলাসী গ্রামের গিয়াস উদ্দিনের তিন ছেলে শাহবাজ মিয়া (৫৮), হানিফা (৫০) ও মো. রফিকুল ইসলাম (৫৩)।রবিবার (১০ মে) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক ফারজানা আহমেদ অভিযুক্তদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। কোর্ট ইন্সপেক্টর মোস্তাছিনুর রহমান আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।আদালতের বেঞ্চ সহকারি আব্দুল মালেক মামলার নথির বরাত দিয়ে বলেন, ২০০৮ সালের ১০ আগস্ট সকালে গফরগাঁওয়ের শিলাসী গ্রামের নুরুল হকের বাড়ির পাশে বড়ই বাগানে একদল ছেলে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে ফুটবল নুরুল হকের টিনের বেড়ায় লাগে। এতে নুরুল হক ক্ষিপ্ত হয়ে ছেলেদের খেলা বন্ধ করে তাড়িয়ে দেয়। পরে ছেলেদের স্বজন শাহবাজ মিয়াসহ তার পরিবারের লোকজনকে নিয়ে এসে নুরুল হকের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। পরে গুরুতর আহত অবস্থায় নুরুল হককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এই ঘটনার পর নিহত নুরুল হকের ছেলে কাজল মিয়া বাদি হয়ে গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা তদন্তে পুলিশ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন।সাক্ষীদের সাক্ষ্য, জেরা, যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আদালত তিনজন হত্যার সাথে জড়িত থাকার প্রমাণ মেলায় তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড ও বাকিদের খালাস দেন বিচারক।রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদুল আলম খান তান্না ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ.এইচ.এম. খালেকুজ্জামান মামলাটি পরিচালনা করেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত