প্রিন্ট এর তারিখ : ১২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬
নকলায় অরফান লাভ ফাউন্ডেশনের পক্ষ থেকে সেলাই মেশিন ও ছাগল বিতরণ
নকলা প্রতিনিধি ||
শেরপুরের নকলা উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে অরফান লাভ ফাউন্ডেশন-এর উদ্যোগে স্বাবলম্বী প্রকল্পের আওতায় সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়েছে।শুক্রবার উপজেলার গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী বাজারে অবস্থিত আব্দুল করিম সরকার হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত উপকারভোগীদের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।আয়োজকরা জানান, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। সেলাই মেশিন পেয়ে নারীরা ঘরে বসেই আয়মুখী কাজে যুক্ত হতে পারবেন। অন্যদিকে ছাগল পালন করে উপকারভোগীরা তাদের পারিবারিক আয় বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের সুযোগ পাবেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, সাময়িক সহায়তার পরিবর্তে মানুষকে স্বাবলম্বী করে তোলাই অরফান লাভ ফাউন্ডেশনের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে সংগঠনটি দীর্ঘদিন ধরে এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।সহায়তা পেয়ে উপকারভোগীরা অরফান লাভ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য অত্যন্ত কার্যকর পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।এ সময় অরফান লাভ ফাউন্ডেশনের প্রোগ্রাম ও পার্টনারশিপ প্রধান সুমাইয়া নূর, প্রোগ্রাম প্রধান আমিনুল ইসলাম, নকলা ইসলামি পাঠাগারের সভাপতি মাওঃ গোলাম সারোয়ার, আব্দুল করিম হেলথ কেয়ার সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম, নকলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী মনোনীত নকলা পৌরসভার মেয়র প্রার্থী হাছিবুল হাসান হাসিব সহঅরফান লাভ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত