প্রিন্ট এর তারিখ : ২৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
নতুন মামলায় গ্রেফতার মমতাজ, আদালতে গাইলেন ‘বুকটা ফাইট্যা যায়’
নিউজ ডেস্ক ||
সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুরে মোক্তার হোসেন হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দিয়েছেন।গত সোমবার মমতাজ বেগমকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক।শুনানিকালে মমতাজকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গ্রেফতার দেখানোর শুনানিতে বলেন, ‘এ আসামি অবৈধ সরকারের সাবেক এমপি। তার বিরুদ্ধে আরও মামলা আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফ্যাসিস্ট সরকারের পক্ষে আন্দোলন-সংগ্রামে সহযোগিতা করেছেন। তার যথেষ্ট ভূমিকা রয়েছে। মামলার তদন্ত করতে গিয়ে তদন্ত কর্মকর্তা তার সংশ্লিষ্টতা পান। এজন্য তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। তাকে গ্রেফতার দেখানোর প্রার্থনা করছি।’আসামি মমতাজের পক্ষে গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানিতে আইনজীবী আব্দুস সালাম মোল্লা বলেন, ‘এ আসামি উচ্চ আদালত থেকে ছয় মামলায় জামিন পান। পরবর্তীতে দুটি স্ট্রে হয়। এরপর তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন। তার বিরুদ্ধে মামলায় একটি শব্দ নেই।’ মমতাজের আইনজীবী বলেন, ‘দেড় বছর যাবৎ জেলে আছেন। মামলার ঘটনা ২০২৪ সালের ৪ আগস্ট। একই দিনে তার বিরুদ্ধে মানিকগঞ্জসহ কয়েকটি থানায় চার-পাঁচটি মামলা হয়েছে। তিনি একই সময় কত জায়গায় গিয়ে অপরাধ সংঘটিত করেছেন? ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। গ্রেফতার না দেখানোর প্রার্থনা করছি।’উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।আদালত থেকে হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে মমতাজকে নামানোর সময় কৌতুহলের বশে আদালতে আগত অনেকে জানতে চান কে উনি, কে উনি? তখন নিজ থেকে গেয়ে ওঠেন, ‘বুকটা ফাইট্টা যায়’ গান। পরিচয় নিশ্চিত হয়ে কয়েকজনকে এই গান গাইতে দেখা যায়। অনেকে বলতে থাকেন, উনি না সংসদে গান গেয়েছেন। এখনও গেয়ে শোনান।মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালে ৪ আগস্ট দুপুরে মিরপুরের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস রোড এলাকায় গুলিবিদ্ধ হন মোক্তার হোসেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে সুস্থ হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন মোক্তার হোসেন। শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে সংরক্ষিত আসনে সংসদের সদস্য হন।পরবর্তী ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি। তারপর থেকেই আড়ালে চলে যান মমতাজ। গত বছরের ১২ মে রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডি এলাকা থেকে মমতাজকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত