প্রিন্ট এর তারিখ : ০৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ শুরু
এ এম আব্দুল ওয়াদুদ, স্টাফ রিপোর্টার ||
উৎসবমুখর পরিবেশে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিতকৃত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল থেকে এ আসনের ভোটকেন্দ্র্রগুলোতে ভোটারদের ভীড় লক্ষ্য করা গেছে। এরমধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। দীর্ঘদিন পর তারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরে আনন্দিত।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসন থেকে ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ (দাঁড়িপাল্লা) এবং বাসদ (মার্কসবাদী) দলের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান (কাঁচি) ।এ আসনের ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোট কক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার ভোট দেবেন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার এবং নারী ভোটার ২ লাখ ৮ হাজার ৩০৪ জন। হিজড়া ভোটার রয়েছেন সাতজন। এছাড়া এ আসনের ১২৮ টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৯ টি গুরুত্বপূণ ভোটকেন্দ্র হিসেবে বিবেচনা করেছে প্রশাসন।শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁইয়া বলেন, এ আসনটির দুই উপজেলায় মোট ৩২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে ৫ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ৬ জন করে পুলিশ সদস্যের পাশাপাশি ১২ জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে ।শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট,২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,নির্বাচন কমিশনের ১৮ জন পর্যবেক্ষক, এবং নির্বাচনী অনুসন্ধান (ইনকোয়ারি) কমিটির ৩ জন যুগ্ম জেলা ও দায়রা জজ দায়িত্ব পালন করছেন। এছাড়াও নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর ৮টি মোবাইল টিমে ২০০-এর অধিক সদস্য, ১৬ প্লাটুন বিজিবি সদস্য, র্যাবের ১৪টি টিম এবং পুলিশের প্রায় ১ হাজার ১৫০ সদস্য মোতায়েন রয়েছে।গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে এখানেও ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু ভোটের প্রচারের সময় জামায়াতে ইসলামীর প্রার্থী মু. নুরুজ্জামান বাদল মারা যান। এতে এ আসনের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত