প্রিন্ট এর তারিখ : ৩০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬
ময়মনসিংহে বৃষ্টিতে খেলতে বের হয়ে নিখোঁজ, ৮ দিন পর মিলল শিশুর মরদেহ
আওলাদ রুবেল , স্টাফ রিপোর্টার ||
ময়মনসিংহে নিখোঁজের আট দিন পর সাউমী সাবা (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) বিকেলে নগরের বয়রা সমাধানের মোড় এলাকার একটি ডোবার কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহত সাউমী সাবা নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বয়রা ফকির বাড়ি এলাকার স্বপন ফকিরের মেয়ে। সে বয়রা ছালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ জুন স্কুল থেকে বাড়ি ফিরে দুপুর ২টার দিকে দুই প্রতিবেশী শিশুর সঙ্গে বৃষ্টির মধ্যে খেলতে বের হয় সাউমী। কিছুক্ষণ পর ওই দুই শিশু বাড়ি ফিরলেও সাউমী আর ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে শিশুটির বাবা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।সোমবার (২৯ জুন) বিকেল ৪টার দিকে একটি ডোবার কালভার্টের নিচে বরশি দিয়ে মাছ ধরার সময় এক ব্যক্তি শিশুটির মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজের সময় সাউমীর পরনে থাকা জিন্স প্যান্ট দেখে তাকে শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, বিকেলে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা, বৃষ্টিতে ভিজতে গিয়ে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত