প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
ঝিনাইগাতীতে দোকানের জন্য মনিহারি পণ্য পেলেন তিন ভিক্ষুক
জাহিদুল হক মনির , স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতি ||
ভিক্ষাবৃত্তি থেকে বের করে এনে স্বনির্ভর জীবন গড়ে তুলতে শেরপুরের ঝিনাইগাতীতে তিনজন অসহায় ভিক্ষুকের হাতে মনিহারি পণ্যসহ দোকান তুলে দেওয়া হয়েছে।সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে মনিহারি পণ্য তুলে দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।দোকানের মালামাল পাওয়া উপকারভোগীরা হলেন উপজেলার বনগাঁও জিগাতলা গ্রামের হযরত আলী, গান্ধীগাঁও এলাকার মো. আইয়ুব আলী, হলদিগ্রাম গ্রামের রনি মিয়া এবং ব্যাটারিচালিত অটোরিকশা পেয়েছেন মো. নুরুজ্জামান মিয়া।ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. আল আমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূূমি) অনিন্দিতা রানী ভৌমিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সানজা হোসাইন সানী প্রমুখ।দোকানের মালামাল পেয়ে আবেগাপ্লুত হযরত আলী বলেন, এতদিন মানুষের দ্বারে দ্বারে হাত পেতে চলতে হয়েছে। এখন নিজের একটি দোকানের জন্য মালামাল পেলাম। আশা করি আর ভিক্ষা করতে হবে না।উপকারভোগী মো. রনি মিয়া বলেন, সরকারের এই সহযোগিতা আমার জীবন বদলে দেবে। এখন পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সানজা হোসাইন সানী বলেন, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় আজকে এক জনকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা ও তিনজকে দোকানের জন্য মনিহারি পণ্য দেওয়া হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, "মাননীয় প্রধান মন্ত্রীর নেতৃত্বে সরকার অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভিক্ষুক পুনর্বাসনের এই উদ্যোগ শুধু আর্থিক সহায়তা নয়, এটি মানুষের আত্মসম্মান ফিরিয়ে দেওয়ার একটি প্রয়াস। সবাই আন্তরিকভাবে ব্যবসা পরিচালনা করলে তারা স্বনির্ভর হয়ে উঠবেন এবং সমাজে মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত