প্রিন্ট এর তারিখ : ১১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
টানা বর্ষণে শ্রীবরদীতে পাহাড় ধস, সীমান্ত সড়ক বন্ধ
স্টাফ রিপোর্টার ||
শেরপুরে টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিঝুড়ি বন বিভাগের রেঞ্জ অফিস এলাকার পেছনে গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে। এতে সীমান্তবর্তী সড়কে গাছ ও পাহাড়ের মাটি ধসে পড়ে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে আশপাশে বসতবাড়ি না থাকায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) ভোর রাতে পাহাড় ধসের এ ঘটনা ঘটে। গত কয়েক দিন ধরে সীমান্তবর্তী এলাকাগুলোতে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। শেরপুরের তিনটি উপজেলার পাশেই ভারতের মেঘালয় রাজ্য হওয়ায় এ এলাকায় বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাব বেশি পড়ে।এদিকে, গত কয়েক দিনের বৃষ্টিতে শেরপুরের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। কিছু এলাকায় আকস্মিক পাহাড়ি ঢলে সাময়িক ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে। কোথাও কোথাও মানুষ পানিবন্দী হলেও বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।পাহাড় ধসের বিষয়ে বালিঝুড়ি এলাকার বাসিন্দা মুতালেব বলেন, “টানা বৃষ্টির কারণেই পাহাড় ধস হয়েছে। তবে কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। শুধু রাস্তা বন্ধ হয়ে আছে। বৃষ্টি এখনও থেমে থেমে হচ্ছে।”শেরপুরে গত ২৪ ঘণ্টায় কী পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সে তথ্য পানি উন্নয়ন বোর্ড থেকে পাওয়া যায়নি। কারণ, এ এলাকায় বৃষ্টিপাত পরিমাপের নির্দিষ্ট কোনো কেন্দ্র নেই বলে জানা গেছে।শ্রীবরদী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. ফেরদৌস মিয়া বলেন, “পাহাড় ধসের খবর পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় নির্দেশনা পেলে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়া হবে।বালিঝুড়ি বন বিভাগের রেঞ্জ অফিসার মো. সুমন মিয়া বলেন, পাহাড় ধসের ঘটনায় বেশ কিছু গাছ ভেঙে পড়েছে। সেগুলো সরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে সড়কটি বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে এবং আমাদের পক্ষ থেকেও দ্রুত গাছ সরানোর কাজ চলছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত