প্রিন্ট এর তারিখ : ১২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬
সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার
নিউজ ডেস্ক ||
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দুই দফা জানাজার পর সংসদ চত্বরে দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১২ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজার আয়োজন করা হয়। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ সংসদ সদস্যরা।দুর্যোগপূর্ণ বৈরী আবহাওয়ার কারণে সাবেক এই স্পিকারের মরদেহ তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সংসদ প্রাঙ্গণের পাশের কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।এর আগে, রোববার (১২ জুলাই) ভোর ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর।জানা গেছে, বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে বেশকিছু দিন ধরে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার সকালে এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় ও ইউনিট,আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ সুপ্রিম কোর্টের বিভিন্ন আইনজীবী সংগঠন।এ ছাড়াও সাবেক রাষ্ট্রপতি ও স্পিকারের মৃত্যুতে সংসদ সচিবালয়ের সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরাও গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত