প্রিন্ট এর তারিখ : ১৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
শ্রীবরদীতে পারিবারিক বিরোধে যুবক নিহত
স্টাফ রিপোর্টার ||
শেরপুরের শ্রীবরদীতে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইদের দুই পক্ষের সংঘর্ষে আমিন আলী (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (১৩ জুলাই ) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ডাকরাপাড়া গ্রামে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনি মারা যান। নিহত আমিন আলী স্থানীয় ফরহাদ আলীর ছেলে।নিহত আমিন আলীর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, আমিন আলী গ্রামের বাড়িতে থাকতেন না। স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় থাকতেন ও প্রাইভেট কার চালাতেন। গত রোববার গ্রামের বাড়িতে ভাইয়ের সঙ্গে দেখা করতে আসেন আমিন আলী। এ সময় তার ভাইয়ের সঙ্গে চাচাতো ভাইদের ঝগড়ায় জড়িয়ে পড়েন। এর জেরে রোববার রাতে আমিন আলী ও তার ভাইকে মারধর করা হয়। রাতে সেই ঝগড়া থামলেও সোমবার আবার শুরু হয়। পরে একপর্যায়ে মেহেদী, অলক, শহিদুল, ফারুকসহ ছয়-সাতজন তাদের ওপর হামলা করে কয়েকজনকে আহত করেন। এ সময় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান আমিন আলী।এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। সোমবার কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় আমিন নামের একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত