প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও চোরাই গরু জব্দ
স্টাফ রিপোর্টার ||
শেরপুরের শ্রীবরদী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ৪টি ভারতীয় চোরাই গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১১ আগস্ট মঙ্গলবার ভোররাতে উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের চাঁন্দাপাড়া গ্রামসহ সীমান্ত এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র আওতাধীন কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প এই অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্র জানায়, চোরাকারবারিরা সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস পাচারের চেষ্টা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে শ্রীবরদী উপজেলার চাঁন্দাপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। ওইসময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দ করা পণ্যের সিজার মূল্য ১৫ লাখ ৩৬ হাজার ৯৬০ টাকা।অন্যদিকে সোমবার রাতে কর্ণঝোড়া বিওপির বিজিবি সদস্যরা রাতভর অভিযান চালিয়ে ৪টি চোরাই ভারতীয় গরু জব্দ করেন। জব্দকৃত ৪টি ভারতীয় গরুর বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মো. সাইদুর রহমান মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মালামাল সিজার লিস্টভুক্ত করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসের মাধ্যমে নিলামে এসব মালামাল বিক্রি করা হবে।এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্তে অবৈধ কার্যক্রম বন্ধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত