প্রিন্ট এর তারিখ : ২৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
নালিতাবাড়ীতে গাছের চারা ও নগদ অর্থ বিতরণ
স্টাফ রিপোর্টার ||
শেরপুরের নালিতাবাড়ীতে সাবেক হুইপ আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে ১ হাজার ৫০০টি বিভিন্ন প্রজাতির চারা গাছ এবং ১৫ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।সোমবার (২৪ আগস্ট) পৌরসভার বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ফলজ, বনজ, ঔষধি ও ফুলের এসব চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।এছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ১৫ জন অসহায় ও দুস্থ মানুষের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক ও উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান।এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, পরিবেশ সংরক্ষণ ও মানবিক কল্যাণে সাবেক হুইপ আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের এ উদ্যোগ প্রশংসনীয়। বৃক্ষরোপণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার নৈতিক দায়িত্ব।আয়োজকদের পক্ষে কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপ বলেন, গ্রন্থাগারের উদ্যোগে নিয়মিত সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। এর আগে ৬০ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে। পরিবেশ রক্ষায় চারা বিতরণের পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত