প্রিন্ট এর তারিখ : ১৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
জামিনে মুক্তি পেলেন বাউল আবুল সরকার
নিউজ ডেস্ক ||
জামিনে মুক্তি পেলেন ধর্ম অবমাননা ও কটূক্তির মামলায় কারাগারে থাকা বাউলশিল্পী আবুল সরকার। সোমবার (১৩ এপ্রিল) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। পরে সাদা রংয়ের একটি মাইক্রোবাসে করে কারাগারের মূল ফটক দিয়ে বের হয়ে যান। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু অসুস্থ থাকায় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। তিনি বলেন, জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে, তা যাচাই শেষে আর কোনো মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।এর আগে গত ৬ এপ্রিল বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ ৬ মাসের জামিনের আদেশ দেন। একই সঙ্গে আবুল সরকারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট।উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন।ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নেওয়া হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত