প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন
এম. সুরুজ্জামান ||
শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে মানববন্ধন ও উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় এক মাসের মধ্যে উপজেলার সব সরকারি দপ্তরের ওয়েবপোর্টালে তথ্য হালনাগাদ করার প্রতিশ্রুতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক। টিআইবির পক্ষ থেকে উপজেলার সরকারি দপ্তরগুলোর ওয়েব পোর্টাল পর্যবেক্ষণের ফলাফল তুলে ধরা হয়। পর্যবেক্ষণ করা ৪০টি দপ্তরের মধ্যে মাত্র ৮টির ওয়েবপোর্টালে শতভাগ তথ্য হালনাগাদ রয়েছে। অন্য দপ্তরগুলোর ওয়েবপোর্টালে তথ্য হালনাগাদে ঘাটতি রয়েছে।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তথ্য অধিকার আইন অনুযায়ী নাগরিকদের তথ্যপ্রাপ্তী নিশ্চিত করতে হবে। আগামী এক মাসের মধ্যে উপজেলার সব সরকারি দপ্তরের ওয়েবপোর্টালে তথ্য হালনাগাদ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও উপজেলা আইসিটি প্রতিনিধিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি। সরকারি দপ্তরগুলোর ওয়েবপোর্টালে নিয়মিত তথ্য হালনাগাদ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, পদবী, মুঠোফোন নম্বর ও ই-মেইল ঠিকানা প্রকাশসহ ছয় দফা সুপারিশ তুলে ধরে সনাক। পাশাপাশি তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সনাক সভাপতি মো. আব্দুল ফাত্তাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জুনায়েদ আব্দুল কাইয়ুম ও সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলার সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ, শিক্ষার্থী, শিক্ষক, সনাক, এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত