প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
বলিভিয়াকে উড়িয়ে দিলো মেসিহীন আর্জেন্টিনা
নিউজ ডেস্ক ||
লিওনেল মেসিকে ছাড়া নতুন যুগের শুরুটা দারুণ করল আর্জেন্টিনা! দলের প্রাণভোমরার অভাব টের পেতেই দিলেন না দলের তরুণ খেলোয়াড়রা। বিশ্বকাপের পর প্রথম ম্যাচেই বলিভিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করল আকাশি-নীল জার্সিধারীরা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তেরা।ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে বলিভিয়ার ওপর চাপ তৈরি করে আর্জেন্টিনা। প্রথম ১০ মিনিটে প্রতিপক্ষের অর্ধেই বেশির ভাগ সময় খেলা হয়েছে। তবে শুরুতে আক্রমণগুলো থেকে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না আর্জেন্টিনা।১৯ মিনিটে সেই অপেক্ষার অবসান ঘটে। দারুণ দলীয় সমন্বয়ের পর লাউতারো মার্তিনেজ নিচু শটে বলিভিয়ার গোলরক্ষককে পরাস্ত করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। ডান পায়ের নেওয়া তার শট ঠেকানোর কোনো সুযোগই ছিল না বলিভিয়ার গোলরক্ষকের।গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ। এজেকুয়েল পালাসিওসের অসাধারণ পাস থেকে বল পেয়ে বলিভিয়ার গোলরক্ষক এগিয়ে এলে তাকে চিপ করে বল জালে পাঠান কোমোর এই ফরোয়ার্ড। তাতে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।দ্বিতীয়ার্ধের শুরুতেও আর্জেন্টিনার দাপট অব্যাহত থাকে। বিরতির পর কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামে দুই দল। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটেই আর্জেন্টিনার ব্যবধান ৩-০ করেন ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো।নিকো পাজের নেওয়া দুর্দান্ত কর্নার থেকে হেডে গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। তার গোলে ম্যাচ কার্যত আর্জেন্টিনার নিয়ন্ত্রণে চলে যায়।এরপর একসঙ্গে তিনটি পরিবর্তন করেন স্কালোনি। দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে ফ্রাঙ্কো মাসতানতুয়ানো, ভ্যালেন্তিন বারকো ও লিওনার্দো বালের্দি মাঠে নামেন। তারা বদলি হিসেবে আসেন কুটি রোমেরো, নিকো পাজ ও জিয়ানলুকা প্রেতিয়াস্তানির জায়গায়।কিছুক্ষণ পর আরও তিনটি পরিবর্তন করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ২৯ মিনিটে একুই ফের্নান্দেস, হোসে লোপেস ও সান্তিয়াগো সিমোন মাঠে নামেন। তারা জায়গা নেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লাউতারো মার্তিনেজ ও অগুস্তিন গিয়াইয়ের।ম্যাচের শেষ দিকে গিয়ে আরও দুটি পরিবর্তন করেন স্কালোনি। দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটে ভ্যালেন্তিন গোমেস মাঠে নামেন লিসান্দ্রো মার্তিনেজের বদলে। একই সময়ে লিওনেল ফ্লোরেস মাঠে আসেন এক্সেকিয়েল পালাসিওসের জায়গায়। এর মধ্য দিয়ে নিজেদের সব পরিবর্তন ব্যবহার করে ফেলে আর্জেন্টিনা।তবে বদলি হিসেবে নামা হোসে লোপেসই শেষ পর্যন্ত ম্যাচের স্কোরলাইন আরও বড় করেন। ৮৬ মিনিটে বলিভিয়ার জালে বল পাঠিয়ে আর্জেন্টিনার চতুর্থ গোল করেন তিনি।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত