প্রিন্ট এর তারিখ : ৩০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
নিউজ ডেস্ক ||
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পাওয়ার স্টার্টআপ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পাওয়ার পর এ কার্যক্রম শুরু হয়।বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদনের মধ্য দিয়ে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের গুরুত্বপূর্ণ ধাপ শুরু হয়েছে। এ পর্যায়ে প্রথমবারের মতো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন প্রক্রিয়া চালু করা হয়। এর মাধ্যমে ধীরে ধীরে স্থিতিশীল ও নিরাপদভাবে শক্তি উৎপাদনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।এর আগে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি-১’ ধাপ মোটামুটি সফলভাবে শেষ হয়েছে। সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।এরপর শুরু হয়েছে পরবর্তী ধাপ ‘বি-২’। এ পর্যায়ে প্রাথমিক কার্যক্রম পরিচালনার জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হয়। এরপরই শুরু হয় ক্রিটিক্যালিটি পর্যায়।ক্রিটিক্যালিটি হলো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন শুরু হওয়ার প্রক্রিয়া। এ ধাপের মধ্য দিয়ে পর্যায়ক্রমে স্থিতিশীল ও নিরাপদভাবে শক্তি উৎপাদন বাড়ানো হবে। উৎপাদন ৩০০ মেগাওয়াটে পৌঁছালে জাতীয় সঞ্চালন লাইনে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিক জ্বালানি লোডিংয়ের জন্য জ্বালানি সরবরাহ শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে দেশটির পরমাণু শক্তি সংস্থা রোসাটম এ তথ্য জানিয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত