প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর, যান চলাচল বন্ধ
নিউজ ডেস্ক ||
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করেন। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।দীর্ঘ সময় বাসে আটকে থাকার পর অনেকে উপায় না পেয়ে নেমে পড়েন। পরে ব্যাগ হাতে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হন তারা।শ্রমিকদের সড়ক অবরোধের প্রভাব পড়েছে আশপাশের সড়কগুলোতেও। প্রতিটি অলিগলিতে বেড়েছে গাড়ির চাপ। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।সকাল নয়টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আসাদ নামে এক চাকরিজীবী বলেন, ‘সকালে অফিসে যাওয়ার জন্য বাসে উঠেছি। কিন্তু শ্রমিকদের অবরোধের কারণে বাস না চলায় বাধ্য হয়ে নেমে হেঁটে যাচ্ছি। সপ্তাহের প্রথম কর্মদিবসে সময়মতো অফিসে পৌঁছাতে পারব কি না, জানি না।’খাদেমুল নামে আরেকজন বলেন, ‘বাসে অনেকক্ষণ বসে থাকার পর আর উপায় না দেখে নেমে পড়েছি। এখন হেঁটে যেতে হচ্ছে। গরমের মধ্যে এভাবে হেঁটে যাওয়া খুবই কষ্টকর।’মিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মিরপুরের কয়েকটি স্থান থেকে পোশাক কারখানার শ্রমিকরা সকালে জড়ো হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে গেছে পুলিশ।একই দাবিতে গতকাল শনিবারও মিরপুরে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। তাদের অবরোধের কারণে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ ছিল।একপর্যায়ে শ্রমিকরা মিরপুর ১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত