প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীরা সন্ধ্যার পর অকারণে ঘোরাফেরা করলেই গ্রেফতার: ডিআইজি
নিউজ ডেস্ক ||
‘কক্সবাজারে সন্ধ্যার পর বিনা কারণে বাইরে ঘোরাফেরা করতে দেখা গেলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আটক ও গ্রেফতার করা হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী। একই সঙ্গে কিশোর অপরাধে জড়িতদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনার কথা জানিয়েছেন তিনি।রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে জেলা পুলিশের আয়োজনে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন’ শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, যেসব ছেলেমেয়ের স্কুল-কলেজে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা, তাদের অনেককে বিকেলের পর রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। তারা শিস দেয়, হিন্দি গান বাজিয়ে সাধারণ মানুষের জন্য বিরক্তিকর পরিবেশ তৈরি করে। এসব আচরণের পেছনে পারিবারিক শাসন ও নজরদারির অভাব রয়েছে কি না, তা অভিভাবকদের ভেবে দেখতে হবে।তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিশোর গ্যাং বলতে কিছু থাকবে না। যারা এ ধরনের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সামাজিকভাবে অপরাধ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে ডিআইজি বলেন, কোনো এলাকায় কেউ অপরাধে জড়ালে সেটিকে শুধু তার একার অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। এ ক্ষেত্রে পরিবার, প্রতিবেশী ও সমাজের সবার দায়িত্ব রয়েছে। শিক্ষার্থী ও তরুণদের চলাফেরা এবং কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের খোঁজ-খবর রাখতে হবে। আশপাশে যৌতুকের জন্য নারী নির্যাতনের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিবাদ জানাতে হবে।তিনি আরও বলেন, উন্নয়ন বলতে শুধু ইট-পাথর ও দালানকোঠার উন্নয়ন বোঝায় না, মানুষের মানসিকতারও উন্নয়ন প্রয়োজন। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম।সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত