প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরে সিএনজিতে লুকানো বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার ||
শেরপুরে সিএনজিচালিত অটোরিকশায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে এসআরবি-১৪, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। এ ঘটনায় দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন একটি সিএনজি জব্দ করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার আমতলা বাজারসংলগ্ন মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি দল চেকপোস্ট স্থাপন করে। এ সময় কুসুমহাটি বাজার থেকে জামালপুরগামী একটি সন্দেহভাজন সিএনজি চেকপোস্টের কাছে এলে চালক পালানোর চেষ্টা করেন। পরে সিএনজির চালক দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সিএনজিতে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের দেখানো মতে, ড্রাইভিং সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন বাজাজ ব্র্যান্ডের সিএনজিটি জব্দ করা হয়।এসআরবি-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের অধিনায়ক মেজর লাবিদ আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে শেরপুরের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ বিদেশি মদ সংগ্রহ করে সিএনজিযোগে জামালপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা মদ ও জব্দ করা সিএনজিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত