প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
শেরপুরে জমি নিয়ে বিরোধ, ভাতিজাদের হামলায় চাচা নিহত
স্টাফ রিপোর্টার ||
শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের হামলায় জিন্নাত আলী (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ৮ নভেম্বর রবিবার সন্ধ্যায় সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারসংলগ্ন কাজীরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিন্নাত আলী কাজীরচর গ্রামের মৃত তনু শেখের ছেলে। তিনি পানি উন্নয়ন বোর্ডের সাবেক গাড়িচালক ছিলেন।এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অভিযুক্তদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক খণ্ড জমি নিয়ে জিন্নাত আলীর সঙ্গে তাঁর ভাতিজাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে গত এক বছর যাবত মামলা-মোকদ্দমাও চলছিল। রবিবার দুপুরে জমির বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যায় ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ আরও চার-পাঁচজন জিন্নাত আলীর ওপর হামলা করেন। এ সময় জিন্নাত আলীকে কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে গুরুতর আহত অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মো. জিন্নাত আলী নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে ইসিজি করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর তাঁকে মৃত ঘোষণা করা হয়।এদিকে জিন্নাত আলীর মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে অভিযুক্তদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।নিহত জিন্নাত আলীর ছেলে মো. বাবু বলেন, আমাদের জমিজমা নিয়ে গত এক বছর ধরে ঝামেলা চলছিল। আমরা আদালতের মাধ্যমে এই জমির ডিক্রি পেয়েছি। তারপরও তারা জমি দাবি করছে। আজ আমার বাবাকে তারা মেরে ফেলেছে। আমরা এর বিচার চাই। জিন্নাত আলীর বন্ধু দেলোয়ার হোসেন দেলু বলেন, জিন্নাত আলী আর আমি একসঙ্গে চলাফেরা করি। অনেক ভালো মানুষ ছিলেন তিনি। এই জমি নিয়ে তাঁর ভাইয়ের ছেলেদের সঙ্গে অনেক দিন ধরে ঝামেলা চলছিল। রবিবার দুপুরে জমির বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। সন্ধ্যায় তারা আক্রমণ করে।এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন নারীকে আটক করা হয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত