প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক ||
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে বাড়িটিতে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই বিষয়টি জানান নুসরাত তাবাসসুম।বিষয়টি বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে উত্থাপিত হয়। বিষয়টি সংসদে উত্থাপন করে বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম জানতে চান, সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমা মেরে আগুন দেওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই বলা যাবে কিনা?এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, যেই বাড়িতে আগুন লেগেছে সেই বাড়িতে কেউ থাকতো না, নুসরাতের বাবা-মা আরেকটি বাড়িতে ছিলেন। আগুন লাগা বাড়িতে শুধু দুইটা ছাগল ছিল এবং অন্যান্য জিনিসপত্র ছিল। মন্ত্রী বলেন, এমপি নুসরাতের বাড়িতে আগুন লেগেছে, নাকি লাগানো হয়েছে- তা খতিয়ে দেখতে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে প্রাথমিকভাবে পেট্রল বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। পরিত্যক্ত বাড়ি ও বৈদ্যুতিক ওয়্যারিং পুরাতন হওয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত