প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
তরুণ ক্রিকেটারদের মিলনমেলা, এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব
নিউজ ডেস্ক ||
বর্ণাঢ্য আয়োজন, দর্শকদের উচ্ছ্বাস আর মাঠের রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতা ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সোনারগাঁও ইউনিভার্সিটিকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।টুর্নামেন্টের শুরু থেকে অপরাজিত থাকা দুই দল ইউল্যাব ও সোনারগাঁও ইউনিভার্সিটির মধ্যকার ফাইনাল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে তৈরি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে দুই দলের খেলোয়াড়দের দক্ষতা, দলীয় সমন্বয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। গ্যালারিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।ফাইনালকে ঘিরে আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিণত হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিলনমেলায়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর। ফ্লাডলাইটের আলোয় খেলা উপভোগ করতে গ্যালারিতে ছিল দর্শকদের সরব উপস্থিতি। প্রিয় দলের সমর্থনে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর রাইডার্সের পরিচালক শেজাদ আকবর সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার ও দেশের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন, নিয়ামুর রশিদ রাহুল, সানোয়ার হোসেন ও হালিম শাহ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মোহাম্মদ ইমরুল হাসান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া ও মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানির চেক তুলে দেন।টুর্নামেন্টে দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। ইউল্যাবের ফারহান জানি ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। একই বিশ্ববিদ্যালয়ের জাকিরুল আহমেদ জেম টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ও সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। সেরা বোলার নির্বাচিত হন ইউল্যাবের এম এইচ রাকিব। আর সমর্থকদের অংশগ্রহণ ও উচ্ছ্বাসের স্বীকৃতিস্বরূপ ফ্যান কাপ জেতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।পুরস্কারপ্রাপ্তদের তালিকাচ্যাম্পিয়ন: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)রানার্সআপ: সোনারগাঁও ইউনিভার্সিটিফাইনালের সেরা খেলোয়াড়: ফারহান জানি (ইউল্যাব)টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান: জাকিরুল আহমেদ জেম (ইউল্যাব)টুর্নামেন্টের সেরা বোলার: এম এইচ রাকিব (ইউল্যাব)টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: জাকিরুল আহমেদ জেম (ইউল্যাব)ফ্যান কাপ: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেটের বিকাশ, নতুন প্রতিভা অন্বেষণ এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্য নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। আনভীর বসুন্ধরা গ্রুপের সার্বিক উদ্যোগে এবং এবিজি স্পোর্টস সিটির ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের সুযোগ পান।আয়োজকদের মতে, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়াচর্চার পরিবেশ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা ধারাবাহিকভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের দিকনির্দেশনা এবং এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে এবিজি স্পোর্টস সিটি ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আনভীর ক্রিকেট স্টেডিয়াম বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটের সুযোগ তৈরি করেছে।আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন ক্রিকেট প্রতিভা উঠে আসবে এবং দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং সুস্থ, সক্রিয় ও মাদকমুক্ত যুবসমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে এবিজি ইউনিভার্সিটি কাপের মতো আয়োজন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত