প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
নিউজ ডেস্ক ||
সারাদেশের জেলা প্রতিনিধিদের অংশগ্রহণে দৈনিক ‘এদিন‘ পত্রিকার মহামিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ‘চৌষট্টি ডানায় এদিন‘ শিরোনামে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরা অংশ নেন। তাদের উপস্থিতিতে সম্মেলনটি হয়ে ওঠে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য, পেশাগত উন্নয়ন এবং নতুন সম্ভাবনা নিয়ে ভাবনার এক মিলনমেলা। সকাল থেকে দিনব্যাপী নানা পর্বে সাজানো এ আয়োজনে সাংবাদিকতার নীতি-নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, মফস্বল সাংবাদিকতার চ্যালেঞ্জ, মোবাইল সাংবাদিকতা (মোজো), মাল্টিমিডিয়া সাংবাদিকতার সম্ভাবনা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সম্মেলনে অংশ নেওয়া জেলা প্রতিনিধিরা নিজ নিজ এলাকায় সংবাদ সংগ্রহ ও পরিবেশনের বাস্তব অভিজ্ঞতা, আঞ্চলিক সংবাদের সম্ভাবনা এবং মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে সম্মুখীন হওয়া বিভিন্ন প্রতিবন্ধকতা ও সমস্যার কথা তুলে ধরেন।এদিন কর্তপক্ষ প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। দিনব্যাপী এ মহামিলনমেলায় মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের কৌশল, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, সংবাদ পরিবেশনের গুণগত মানোন্নয়ন এবং জেলা প্রতিনিধিদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়। ডিজিটাল ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়েও প্রতিনিধিদের দিকনির্দেশনা দেওয়া হয়। পাঠকের কাছে দ্রুততম সময়ে নির্ভুল, তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে মহামিলনমেলা শেষ হয়। শনিবার বেলা ১১টায় রাজধানীর বনানীতে নর্থ-সাউথ গ্রুপের করপোরেট অফিসে এ সম্মেলন শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ‘এদিন’-এর নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হকের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।সম্মেলনে উপস্থিত ছিলেন এদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাইদুল ইসলাম সাজু, প্রকাশক ইউসুফ আলী খাঁন, যুগ্ম সম্পাদক মো: মাহবুবুল হোসেন খাঁন, উপ-সম্পাদক মাহবুব কবীর, পরিকল্পনা সম্পাদক অচিন্ত্য চয়ন, প্রধান প্রতিবেদক মোহাম্মদ আকতার হোসেন, অনুষ্ঠান প্রধান শাহীনুর আলম শাহীন,মফস্বল সম্পাদক মামুন, হেড অব মাল্টিমিডিয়া সাইফুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো: মাহফুজুর রহমান (অব:) ও এডমিন ডিরেক্টর কর্ণেল মো: শফিউল আলম খান (অব:), প্রশাসন ও মানবসম্পদ বিভাগের প্রধান আব্দুল্লাহ আল বাকী ও সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আল-আমিন সাগরসহ নর্থ সাউথ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদমাধ্যমের ব্যস্ততা, মাঠপর্যায়ের নানা চ্যালেঞ্জ আর প্রতিদিনের সংবাদ সংগ্রহের প্রতিযোগিতার বাইরে একদিনের জন্য এক ছাদের নিচে মিলিত হন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জেলা প্রতিনিধিরা। কারও সঙ্গে কারও পরিচয় হলো প্রথমবার, কেউ পুরনো সহকর্মীকে কাছে পেয়ে ফিরে গেলেন স্মৃতির পাতায়। হাসি-আড্ডা, কুশল বিনিময়, অভিজ্ঞতা বিনিময়, পেশাগত আলোচনা আর ভবিষ্যৎ পথচলার প্রত্যয়ে উৎসবমুখর হয়ে উঠেছিল পুরো আয়োজন।উদ্বোধনী বক্তব্যে দৈনিক এদিনের ভারপ্রাপ্ত সম্পাদক সাইদুল ইসলাম সাজু বলেন, এদিন শুধু একটি সংবাদমাধ্যম নয়; এটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি দায়িত্বশীল প্ল্যাটফর্ম। এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত প্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিষ্ঠা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার ওপর নির্ভর করে সংবাদমাধ্যমটির গ্রহণযোগ্যতা ও পাঠকের আস্থা। তিনি প্রতিনিধিদের উদ্দেশে বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করতে হবে এবং সব পক্ষের বক্তব্য তুলে ধরার চেষ্টা করতে হবে। ব্যক্তিগত স্বার্থ, চাপ কিংবা প্রভাবের ঊর্ধ্বে থেকে সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করতে হবে।দৈনিক এদিনের প্রকাশক ইউসুফ আলী খাঁন বলেন, সময়ের সঙ্গে সংবাদমাধ্যমের ধরন ও পাঠকের চাহিদা পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিধিদেরও নিজেদের দক্ষতা বাড়াতে হবে। সংবাদ সংগ্রহের পাশাপাশি মোবাইল সাংবাদিকতা ও মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতেও দক্ষ হয়ে উঠতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় এদিনকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। জেলা প্রতিনিধিদের সংবাদ সংগ্রহের সময় ঘটনার গভীরে যাওয়ার, তথ্যের সত্যতা যাচাই করার এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়ার পরামর্শ দেন। কোনো ঘটনা প্রকাশের ক্ষেত্রে গুজব, অসম্পূর্ণ তথ্য কিংবা একপক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করতে হবে বলে জানান। বর্তমান সময়ে সংবাদমাধ্যমের পরিবর্তিত বাস্তবতায় মোবাইল সাংবাদিকতা বা মোজোর গুরুত্ব দিন দিন বাড়ছে। স্মার্টফোনের মাধ্যমে দ্রুত ভিডিও ধারণ, তথ্য সংগ্রহ, সরাসরি সম্প্রচার এবং তাৎক্ষণিক সংবাদ পরিবেশনের সুযোগ তৈরি হয়েছে। এ বিষয়টি সামনে রেখে সম্মেলনে মোবাইল সাংবাদিকতা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। ইউসুফ আলী খান সম্মেলনে অংশ নেওয়া সব প্রতিনিধিকে ধন্যবাদ জানান।একই সঙ্গে এদিনের অগ্রযাত্রায় তাদের শ্রম, সময় ও আন্তরিকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রতিনিধিদের আরো পেশাদার, তথ্যনিষ্ঠ ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। সংবাদ প্রকাশের ক্ষেত্রে পাঠকের আস্থা অর্জনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর জোর দেন। যুগ্ম সম্পাদক মো: মাহবুবুল হোসেন খাঁন প্রতিনিধিদের সাংবাদিকতায় আরও দক্ষ হওয়ার আহ্বান জানান। বিশেষ করে গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, দুর্ঘটনা, সামাজিক সমস্যা ও স্থানীয় পর্যায়ের ইতিবাচক উদ্যোগের ভিডিও প্রতিবেদন তৈরিতে প্রতিনিধিদের উৎসাহিত করেন।উপ-সম্পাদক মাহবুব কবীর বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়; এটি মানুষের কাছে সত্য তুলে ধরা, অন্যায়ের প্রতিবাদ করা, জনস্বার্থ রক্ষা এবং সমাজকে সচেতন করার গুরুত্বপূর্ণ দায়িত্ব। একজন সাংবাদিকের হাতে থাকা কলম মানুষের উপকারের মাধ্যম হতে পারে, আবার অসত্য ও অপতথ্য ছড়িয়ে মানুষের ক্ষতির কারণও হতে পারে। তাই সাংবাদিকতার প্রতিটি ক্ষেত্রে সত্যনিষ্ঠা, আমানতদারি, ন্যায়পরায়ণতা ও আল্লাহভীতি থাকা জরুরি। তিনি বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করা শুধু সাংবাদিকতার পেশাগত নীতি নয়, এটি ইসলামেরও নির্দেশনা। একটি ভুল সংবাদে কোনো ব্যক্তি বা পরিবারের সম্মানহানি হতে পারে, সমাজে বিভ্রান্তি ছড়াতে পারে কিংবা বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। তাই দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় সত্যতা যাচাইয়ের বিষয়টি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। তিনি প্রতিনিধিদের স্কুপ নিউজে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন।পরিকল্পনা সম্পাদক মোজাম্মেল হক (অচিন্ত্য চয়ন) বলেন, মফস্বল সাংবাদিকতার সবচেয়ে বড় শক্তি হলো স্থানীয় মানুষের সঙ্গে প্রতিনিধিদের সরাসরি যোগাযোগ। এ সম্পর্ককে কাজে লাগিয়ে জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ তুলে আনতে হবে। তবে ব্যক্তিগত সম্পর্ক, স্থানীয় প্রভাবশালী মহলের চাপ কিংবা স্বার্থের কারণে সংবাদ পরিবেশনে আপস করা যাবে না। তিনি বলেন, পাঠক ও দর্শকের সংবাদ গ্রহণের ধরনে পরিবর্তন এসেছে। এখন অনেকেই শুধু লিখিত সংবাদে সীমাবদ্ধ থাকেন না; ভিডিও, ছবি, গ্রাফিকস, ইনফোগ্রাফিকস ও অন্যান্য মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমেও সংবাদ জানতে চান। তিনি জেলা প্রতিনিধিদের মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে আগ্রহী হওয়ার আহ্বান জানান। তার মতে, একটি ভালো ভিডিও প্রতিবেদন বা দৃশ্যনির্ভর সংবাদ অনেক সময় ঘটনার বাস্তবতা পাঠক-দর্শকের সামনে আরো স্পষ্টভাবে তুলে ধরতে পারে। তবে ভিডিও বা ছবির ব্যবহার হতে হবে সংবাদমূল্য, প্রাসঙ্গিকতা ও পেশাগত নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি আরো বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকতা শুধু প্রযুক্তিনির্ভর কাজ নয়; এর সঙ্গে যুক্ত রয়েছে সংবাদবোধ, গল্প বলার দক্ষতা এবং মানুষের কাছে গুরুত্বপূর্ণ বিষয় সহজভাবে তুলে ধরার সক্ষমতা। প্রতিনিধিদের এসব বিষয়ে নিয়মিত চর্চা ও দক্ষতা অর্জনের পরামর্শ দেন তিনি।প্রধান প্রতিবেদক মোহাম্মদ আকতার হোসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বলেন, একটি সংবাদমাধ্যমের শক্তি শুধু ঢাকার অফিসে কর্মরত সাংবাদিকরা নয়; বরং দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টার মধ্যেই নিহিত। মাঠপর্যায়ের প্রতিনিধিরাই স্থানীয় মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সবার আগে তুলে ধরেন। তাই তাদের সঙ্গে সেন্ট্রাল ডেস্কের কার্যকর যোগাযোগ ও সমন্বয় অত্যন্ত জরুরি। তিনি সংবাদ পরিবেশনের মানোন্নয়ন, দ্রুত ও নির্ভুল তথ্য সরবরাহ এবং প্রতিনিধিদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেন। তিনি বলেন, বর্তমান সময়ে সংবাদমাধ্যমে প্রতিযোগিতা অনেক বেড়েছে। শুধু সবার আগে সংবাদ প্রকাশ করাই যথেষ্ট নয়; সংবাদটি কতটা নির্ভুল, তথ্যসমৃদ্ধ ও পাঠকের জন্য গুরুত্বপূর্ণ, সেটিও সমানভাবে বিবেচনা করতে হবে। এদিনকে আরো পাঠকবান্ধব, গ্রহণযোগ্য ও শক্তিশালী সংবাদমাধ্যম হিসেবে এগিয়ে নিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো: মাহফুজুর রহমান (অব:) সত্য ও তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশন করার জন্য জেলা প্রতিনিধিদের প্রতি আহবান জানান। তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ প্রকাশের মাধ্যমে দৈনিক এদিন সারাদেশে পাঠকপ্রিয় হয়ে উঠবে। এক্ষেত্রে জেলা প্রতিনিধিদের সততা, সাহস ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান তিনি।মফস্বল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে মফস্বল মোনাসেফ মামুন সম্পাদক বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা, স্থানীয় সমস্যা, উন্নয়ন, অনিয়ম, দুর্নীতি ও সম্ভাবনার খবর জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে স্থানীয় প্রতিনিধিদের ভূমিকা অনস্বীকার্য। রাজধানীকেন্দ্রিক সংবাদ প্রবাহের বাইরে দেশের প্রতিটি জনপদের বাস্তব চিত্র তুলে ধরতে মফস্বল সাংবাদিকদের আরো সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে স্থানীয় বিরোধ, রাজনৈতিক ঘটনা, অপরাধ ও সামাজিক স্পর্শকাতর বিষয়ে সংবাদ প্রকাশের আগে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি।হেড অব ডিজিটাল সাইফুল ইসলাম বলেন, সময়ের সঙ্গে সংবাদ পরিবেশনের ধরন বদলেছে। অনলাইন সংবাদমাধ্যমে লিখিত প্রতিবেদনের পাশাপাশি ছবি, ভিডিও ও মাল্টিমিডিয়া কনটেন্টের গুরুত্ব বাড়ছে। তাই প্রতিনিধিদের প্রচলিত সংবাদ সংগ্রহের পাশাপাশি মোবাইল সাংবাদিকতা ও মাল্টিমিডিয়া রিপোর্টিংয়েও দক্ষতা অর্জন করতে হবে। তিনি নিউজ ডেস্কের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, সংবাদ পাঠানোর ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও ছবি-ভিডিও সংযুক্ত করা এবং প্রতিষ্ঠানের সম্পাদকীয় নির্দেশনা অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন। দিকনির্দেশনামূলক বক্তব্যগুলোর পাশাপাশি প্রতিনিধিদের অংশগ্রহণে প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এতে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা, বিভিন্ন প্রতিবন্ধকতা, নিউজ ডেস্কের সঙ্গে যোগাযোগ, সংবাদ প্রকাশের প্রক্রিয়া এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।প্রতিনিধিরা তাদের কাজের অভিজ্ঞতা ও বাস্তব সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে আরো কার্যকর সমন্বয়, প্রশিক্ষণ এবং যোগাযোগ বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন। এদিন সম্পাদকসহ সংশ্লিষ্টরা প্রতিনিধিদের বক্তব্য শোনেন এবং তাদের পেশাগত কাজের মান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। সম্পাদক ও প্রকাশকের সাথে প্রতিনিধিদের প্রশ্নোত্তর পর্বটি সম্মেলনকে আরও অংশগ্রহণমূলক করে তোলে। এতে প্রধান কার্যালয় ও মাঠপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়। পরে বিভাগীয় প্রতিনিধিদের বিশেষ সম্মাননা এবং ক্রেস প্রদান করেন সম্পাদক ও প্রকাশক। এ ছাড়া জেলা প্রতিনিধিদের নভেম্বর মাসের মাসিক সম্মানী তুলে দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দিনব্যাপী আলোচনা, দিকনির্দেশনা, প্রশ্নোত্তর ও মতবিনিময় শেষে সমাপনী ঘোষণা করেন ভারপ্রাপ্ত সম্পাদক সাইদুল ইসমলাম সাজু। তিনি আগামী ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে নিরলসভাবে কাজ করার আহ্বান এবং ঢাকায় আমন্ত্রণ জানান।