প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
ক্যানসারে আক্রান্ত হাসানের পাশে শ্রীবরদী ছাত্রশক্তির তহবিল সংগ্রহ
আরফান আলী , শহর প্রতিনিধি ||
শেরপুর জেলায় প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছিলেন খ.ম. কামরুজ্জামান হাসান। স্বপ্ন ছিল পুলিশের পোশাক গায়ে জড়িয়ে পরিবারের হাল ধরবেন, বদলে দেবেন পরিবারের আর্থিক অবস্থার চিত্র। কিন্তু কর্মজীবনের শুরুতেই সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে ব্লাড ক্যানসার। ২০২৬ সালের এপ্রিল মাসে তাঁর শরীরে টি-অল (T-ALL) ধরনের ব্লাড ক্যানসার শনাক্ত হয়। প্রায় সাত মাস ধরে রোগটির সঙ্গে লড়াই করছেন তিনি। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা সম্পন্ন করতে প্রয়োজন প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা। ব্যয়বহুল এই চিকিৎসার অর্থ জোগাড়ে এবার তাঁর পাশে দাঁড়িয়েছে জাতীয় ছাত্রশক্তি, শ্রীবরদী উপজেলা শাখা।হাসানের চিকিৎসায় সহায়তা করতে সংগঠনটির উদ্যোগে শ্রীবরদী উপজেলাজুড়ে তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মানুষের কাছে সহযোগিতা চেয়ে এ কার্যক্রম পরিচালনা করছেন।তহবিল সংগ্রহ কার্যক্রমে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি, শ্রীবরদী উপজেলা শাখার আহ্বায়ক মো. শাকিল হোসেন, সদস্য সচিব শওকত হাসান শিহাব, মুখ্য সংগঠক সোয়াইব আহমেদ এবং সংগঠক মো. রবিউল ইসলাম সোহানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।হাসানের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার উত্তর মাটিয়াকুড়া গ্রামে। তাঁর বাবা খ.আ.ন.ম. ছোহরাব আলী এবং মা রোকসানা পারভীন। ২০২১ সালে মাটিয়াকুড়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে এসএসসি এবং ২০২৩ সালে সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে ৪.৮৩ জিপিএ নিয়ে এইচএসসি পাস করেন তিনি। পরে শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি ২০২৪ সালে বাংলাদেশ পুলিশের টিআরসি পদে নিয়োগ পরীক্ষায় শেরপুর জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে চাকরি পান।চাকরিতে যোগদানের পর নোয়াখালী প্রশিক্ষণ কেন্দ্রে টানা ছয় মাস প্রশিক্ষণ সম্পন্ন করেন হাসান। প্রশিক্ষণ শেষে তাঁর পদায়ন হয় ময়মনসিংহের ভালুকা এলাকার আইপি-৫-এ। পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে কর্মজীবন শুরু করলেও ২০২৬ সালের এপ্রিল মাসে তাঁর শরীরে ব্লাড ক্যানসার শনাক্ত হয়। প্রথমে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। কেমোথেরাপি চলাকালে প্রায় এক মাসের বিরতির পর ক্যানসার আবার ফিরে আসে। পরবর্তী সময়ে নতুন করে কেমোথেরাপি দেওয়া হলেও আশানুরূপ ফল পাওয়া যায়নি। পরে উন্নত চিকিৎসার আশায় ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে যান তিনি।চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, কেমোথেরাপির মাধ্যমে ক্যানসার কোষ শূন্যের কোঠায় নামিয়ে আনার পর বোনম্যারো প্রতিস্থাপন করতে হবে। এ চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু মধ্যবিত্ত পরিবারের পক্ষে এত বিপুল অর্থের সংস্থান করা কঠিন হয়ে পড়েছে। ফলে চিকিৎসা চালিয়ে নিতে আর্থিক সংকটের মুখে পড়েছে তাঁর পরিবার।জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা জানান, হাসানের চিকিৎসার ব্যয় তাঁর পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব নয়। এমন সংকটময় সময়ে তাঁর পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তাঁদের এই উদ্যোগের মাধ্যমে চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে কিছুটা হলেও সহায়তা হবে বলে আশা করছেন তাঁরা। একই সঙ্গে সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষকে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।যে তরুণ একদিন শেরপুর জেলায় প্রথম হয়ে পুলিশের চাকরি অর্জনের মধ্য দিয়ে পরিবারের স্বপ্ন বুনেছিলেন, আজ সেই তরুণের জীবন বাঁচানোর লড়াইয়ে প্রয়োজন সম্মিলিত সহযোগিতা। হাসানের সুস্থতা কামনায় তাঁর পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে দোয়া ও আর্থিক সহায়তা চেয়েছেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত