প্রিন্ট এর তারিখ : ১৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
ভিক্ষুকের কাছে কম দামে ওষুধ বিক্রিতে ফার্মেসিকে শাস্তি
এ এম আব্দুল ওয়াদুদ, স্টাফ রিপোর্টার ||
পটুয়াখালীর কলাপাড়ায় অসহায় এক ভিক্ষুককে কম দামে ওষুধ বিক্রি করায় ‘প্রগতি মেডিকেল হল’ নামে একটি ফার্মেসি বন্ধ রাখার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।শুক্রবার সকাল থেকে কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের নেতাদের আলটিমেটামের পর ফার্মেসিটি বন্ধ রাখা হয়।প্রগতি মেডিকেল হলের পরিচালক সুদীপ্ত পাল জানান, বৃহস্পতিবার দুপুরে এক ভিক্ষুক তার কাছে একটি ভিটামিন সিরাপ কিনতে আসেন। তার কাছে পর্যাপ্ত টাকা না থাকায় মানবিক দিক বিবেচনা করে তিনি মাত্র ১০০ টাকায় ওষুধটি দেন। এরপরই সমিতির নেতারা ক্ষুব্ধ হয়ে ফার্মেসি একদিন বন্ধ রাখার নির্দেশ দেন। নির্দেশনা না মানলে বড় অঙ্কের জরিমানার হুমকিও দেওয়া হয়।ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই বলছেন, মানবিক কাজে বাধা দেওয়া হলে ভবিষ্যতে কেউ অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহ পাবে না।তবে অভিযোগ অস্বীকার করে কলাপাড়া কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম খলিল দাবি করেন, দোকান বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তার ভাষ্য, ভেজাল ওষুধ বিক্রির দায় স্বীকার করে দোকানটি নিজ উদ্যোগেই বন্ধ রাখা হয়েছে। যদিও এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি তিনি।এদিকে ফাতেমা মেডিকেল হলের মালিক মোশাররফ হোসেন অভিযোগ করেন, সমিতি আগেও বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে প্রায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। তিনি বলেন, ওষুধের মোড়কে নির্ধারিত মূল্যের চেয়ে কিছুটা কম দামে বিক্রির অনুমতি চাইলেও সমিতি তা দেয়নি।আরও কয়েকজন ওষুধ ব্যবসায়ীর অভিযোগ, সমিতির মাধ্যমে একটি সিন্ডিকেট তৈরি করে জুলুম করা হচ্ছে। তাদের দাবি, সমিতির সিদ্ধান্তের বাইরে গেলে জরিমানার মুখে পড়তে হয়। এ পরিস্থিতিতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, কোনো সমিতি বা সংগঠনের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ক্ষমতা নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত