প্রিন্ট এর তারিখ : ২০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে মারা গেলো আরও ১ শিশু, নতুন ভর্তি ৪১
নিউজ ডেস্ক ||
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ১৫ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪১ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৮০ শিশু।সোমবার (২০ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, গতকাল রোববার কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে নিয়ে এসে ১১ মাসের ছেলে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিন বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া ও হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা আরও বলেন, গত ১৭ মার্চ থেকে ২০ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৫২ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৩৮ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৫৫৭ শিশু।হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের ৮তলায় হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সাথে চিকিৎসাসেবা দিচ্ছেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত