প্রিন্ট এর তারিখ : ২২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
শেরপুর গারো পাহাড় সীমান্তে হাতি আতঙ্কে চার গ্রামের মানুষের নির্ঘুম রাত
নিউজ ডেস্ক ||
শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় বন্য হাতি আতঙ্কে চার গ্রামের মানুষদের নির্ঘুম রাত কাটিয়েছে। ২০ এপ্রিল সোমবার বিকেল থেকেই সীমান্তের ঝিনাইগাতী উপজেলার গজনী পাহাড়ি এলাকায় ২০ থেকে ২৫ টি হাতি সীমান্ত সড়কের স্থানীয় পর্যটন কেন্দ্র ‘অবকাশ’ এর চার রাস্তার মোড়ে অবস্থান নেয়। এ সময় সীমান্ত সড়কে যান চলাচল ও সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই চার রাস্তা মোড়ে হাতি অবস্থান নেওয়ায় আশপাশের বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এক পর্যায়ে বন্য হাতির দল পাহাড় থেকে নেমে লোকালয়ে গিয়ে সন্ধ্যা সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত ওই এলাকার উত্তর গান্ধীগাঁও, পশ্চিম বাঁকাকূড়া, উত্তর বাঁকাকূড়া ও ছোট গজনী এলাকার ভুট্টা ও ধান ক্ষেতে হামলা চালায়। এ সময় হাতির দল ভুট্টা ও ধান খেয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। এদিকে স্থানীয় গ্রামবাসী তাদের ফসল বাঁচাতে মশাল জ্বালিয়ে রাতভর হই-হল্লা করে হাতি তাড়ানো চেষ্টা করে। এদিকে হাতির দল বাড়ির ঘরে হামলা করার আশঙ্কায় রাতভর সীমান্তের ওই চার গ্রামের মানুষ নির্ঘুম রাত কাটায়। এই হাতির আক্রমণের বিষয়ে স্থানীয় গ্রামবাসী দুলাল মন্ডল বলেন, গতরাতে আমরা কেউ ঘুমাতে পারিনি। একদিকে ফসল রক্ষার জন্য মশাল জ্বালিয়ে হাতি তারা করেছি। অন্যদিকে বাড়িঘর রক্ষায় রাত জেগে পাহারা দিতে হয়েছে। হাতির দল আমাদের এলাকার অসংখ্য ভুট্টা ক্ষেত ও ধানক্ষেতের আধা-পাকা ধান খেয়ে সাবার করে ফেলেছে। এ বিষয়ে বন বিভাগের গজনী বিট কর্মকর্তা সালেহীন জানায়, ক্ষতিগ্রস্ত কৃষকরা বন বিভাগের প্রদত্ত ক্ষতিপূরণ পাওয়ার জন্য তাদেরকে করণীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ধাওয়া চলছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত