প্রিন্ট এর তারিখ : ২২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
ক্যানসারে শয্যাশয়ী অভিনেতা তপন, চিকিৎসা ব্যয় মেটাতে পরিবার হিমশিম
নিউজ ডেস্ক ||
ভালো নেই অভিনেতা তারিকুজ্জামান তপন। খাদ্যনালির ক্যানসারে শয্যাশয়ী তিনি। ভেঙে পড়েছে শরীর। অর্থাভাবে চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছে পরিবার। কামনা করছে সরকারি সহযোগিতা।তপনের স্ত্রী সাবিনা হেলেন সংবাদমাধ্যমকে জানান, গেল ডিসেম্বরে রোগ ধরা পড়ে তার। পরে হাসপাতালে নিলে জানা যায় চতুর্থ পর্যায়ে আছে রোগটি। এরইমধ্যে তিনটি কেমো থেরাপি দেওয়া হয়েছে তপনকে। হেলেনের কথায়, ‘কিছুই খেতে পারেন না। সারাক্ষণ বমি হয়। সারা দিন শুয়ে থাকে, শরীরে প্রচণ্ড ব্যথা।’এদিকে তপনের চিকিৎসা নিয়ে দুরবস্থায় দিন কাটাচ্ছে তার পরিবার। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে মোটা অর্থ প্রয়োজন। অন্যদিকে সরকারি হাসপাতালে মিলিছে না সিট। তাই বাধ্য হয়ে আফতাব নগরের বাসায় দিন কাটছে অভিনেতার।তপনপত্নী বলেন, ‘বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে অনেক টাকা লাগে। তাই পিজিতে ভর্তির চেষ্টা করেছি, কিন্তু সিট খালি না থাকায় ভর্তি করাতে পারিনি।’তপনের চিকিৎসাসহায়তা চেয়ে হেলেন বলেন, ‘চিকিৎসা করানোর সামর্থ্য আমাদের নেই। আমরা সরকারের সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে সবার কাছে সাহায্যের আবেদন করছি।’একসময় নিয়মিত ক্যামেরার সামনে দাঁড়ালেও আজ বিছানাই সঙ্গী গুরুতর অসুস্থ তপনের। শেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন গেল ফেব্রুয়ারিতে। তার অভিনীত সিনেমা-নাটকের মধ্যে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’, ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’ উল্লেখযোগ্য।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত