প্রিন্ট এর তারিখ : ২৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
ঝিনাইগাতী কলেজ রোডে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা
নিউজ ডেস্ক ||
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের গুরুত্বপূর্ণ কলেজ রোডের প্রবেশপথেই সামান্য বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে চরম জনদুর্ভোগের শিকার হচ্ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও নিরসনে কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয় সচেতন মহলে।সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের মজনু মিয়ার রড-সিমেন্টের দোকানের সম্মুখে প্রধান সড়কে বৃষ্টির পানি জমে একাকার হয়ে আছে। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হওয়ায় পানি সরার কোনো পথ নেই। ফলে সামান্য বৃষ্টি হলেই এই স্থানটি পুকুরে পরিণত হয়। ঝিনাইগাতী আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীকে প্রতিদিন প্যান্ট বা সালোয়ার হাঁটুর ওপর তুলে এই নোংরা পানি পাড়ি দিতে হচ্ছে। অনেক সময় রিকশা বা সিএনজি উল্টে গিয়ে দুর্ঘটনাসহ নষ্ট হচ্ছে জামাকাপড় ও বই।স্থানীয় ব্যবসায়ী মজনু মিয়া জানান, "বৃষ্টির পর সড়কটি দীর্ঘক্ষণ পানির নিচে তলিয়ে থাকে। মানুষ চলাচলের কোনো উপায় থাকে না। দ্রুত গতিতে কোনো যানবাহন গেলে দোকানের ভেতর পর্যন্ত পানি ছিটকে আসে। অনেক সময় অটোরিকশার ইঞ্জিন বিকল হয়ে মাঝরাস্তায় আটকে যাচ্ছে, যা সাধারণ মানুষের ভোগান্তিকে আরও বাড়িয়ে দিচ্ছে।" পথচারী শান্ত শিফাত ক্ষোভ প্রকাশ করে বলেন, "রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মতো কোনো জায়গা নেই। পুরা রাস্তা পানির নিচে। উপজেলা সদরের প্রবেশমুখে এমন অবস্থা কাম্য নয়।"এলাকাবাসীর দাবি, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। দ্রুত সড়কটি উঁচু করে সংস্কার করা না হলে আগামী বর্ষা মৌসুমে এই দুর্ভোগ কয়েক গুণ বাড়বে। এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন বলেন, "জলাবদ্ধতার বিষয়টি আমাদের নজরে এসেছে। জনভোগান্তি নিরসনে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এই সমস্যার একটি স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় প্রকল্প গ্রহণসহ কার্যকর উদ্যোগ নেওয়ার প্রক্রিয়া চলছে।"
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত