প্রিন্ট এর তারিখ : ০৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
জামালপুরে হাসপাতাল ভবন নির্মাণ ও আইসিইউ চালুর দাবিতে মানববন্ধন
নিউজ ডেস্ক ||
জামালপুরে জেলা স্বাস্থ্যসেবা ও রোগী কল্যাণ কমিটি নির্মাণাধীন জামালপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট মূল ভবন ও জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালুর দাবিতে মানববন্ধন করেছে।শনিবার (৪ এপ্রিল) দুপুরে জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, উন্নয়নকর্মী লিটন চন্দ্র সরকার, সমাজকর্মী রাসেল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বলেন, জামালপুর জেলার ২৬ লক্ষ মানুষ ছাড়াও আশেপাশের জেলাগুলোর মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ২০১৬ সালে জামালপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণকাজ শুরু করে সরকার। কিন্তু মেডিকেল কলেজের সকল স্থাপনা নির্মিত হলেও ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মূল ভবনের নির্মাণকাজ এখনো শুরু হয়নি। এতে করে ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে সবসময়ই রোগীর ভিড় থাকে। রোগীর চাপে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট অন্যদের চিকিৎসাসেবা দিতে হিমশিম অবস্থা। এর ফলে রোগীরা কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বঞ্চিত হচ্ছে। হাসপাতালের পরিবেশ দিনের পর দিন অস্বাস্থ্যকর ও রোগীদের জন্য অনুপযোগী হয়ে পড়ছে।তারা আরও বলেন, মুমূর্ষু রোগীদের জন্য ২০১৫ সালে ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে আইসিইউ উদ্বোধন করা হয়। কিন্তু জনবল সংকটের কারণে উদ্বোধনের পর থেকেই গত ১১ বছর ধরে এর কার্যক্রম বন্ধ রয়েছে। অনতিবিলম্বে মেডিকেল কলেজের হাসপাতাল ভবন নির্মাণকাজ শুরু ও জেনারেল হাসপাতালের আইসিইউ চালুর জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত