‘ছোটো উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ’ স্লোগানকে সামনে রেখে শেরপুরে দিনব্যাপী চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহযোগিতায় রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল ডেভেলপমেন্ট স্কিম (আরডিএস)।মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন পিকেএসএফ’র উপব্যবস্থাপনা পরিচালক মো. মশিয়ার রহমান।কৃষিবিদ ড. পার্থ সারথি করের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরডিএস’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরু উদ্দিন। মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রেইজ প্রকল্পের কো-অর্ডিনেটর মো. এমদাদুল হক।আরডিএস সূত্র জানায়, মেলায় অংশ নেওয়া বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে শিক্ষানবিশদের চাকরির নিশ্চয়তা প্রদান করে। মেলায় মোট ১ হাজার ৯৫২টি সিভি জমা পড়ে। এর মধ্যে অনলাইনে নিবন্ধন ছিল ৯০৮ জনের এবং অফলাইনে নিবন্ধন করেন ৭৮৮ জন।মেলায় সাউথইস্ট ব্যাংক পিএলসি, গ্রামীণফোন, আড়ং, আর্নিং অ্যান্ড লার্নিং লিমিটেড, স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ইদ্রিস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজসহ মোট ২২টি প্রতিষ্ঠান অংশ নেয়।সংস্থাটি জানায়, আরডিএস’র রেইজ প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে ৫০০ জন কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাকে ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায় ধারাবাহিকতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া ১ হাজার ৪৯১ জন পিছিয়ে পড়া তরুণ উদ্যোক্তাকে ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এবং ৯০৫ জন শিক্ষানবিশকে বিভিন্ন ট্রেডে ৬ মাসব্যাপী দক্ষতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।বর্তমানে এসব প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা আত্মকর্মসংস্থান ও মজুরিভিত্তিক কাজে যুক্ত রয়েছেন। তাদের মাসিক আয় ৮ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। আরডিএস জানায়, রেইজ প্রকল্পের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করে বাংলাদেশকে ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে নেওয়ার কাজ চলছে। পিকেএসএফ’র আর্থিক ও কারিগরি সহায়তায় সারা দেশে আরডিএসসহ ৮৯টি সহযোগী সংস্থার মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।