ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি
স্থগিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি) আসনের ভোটগ্রহণকে সামনে রেখে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। আগামী ৯ এপ্রিল এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।৭ এপ্রিল মঙ্গলবার সকালে ডিআইজি ঝিনাইগাতি থানায় পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।পরিদর্শনকালে ডিআইজি প্রথমে শ্রীবরদী উপজেলার আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ এবং পরে ঝিনাইগাতি উপজেলার আলহাজ শফিউদ্দিন আহম্মদ কলেজে স্ট্রাইকিং ফোর্সের সদস্যদের পৃথকভাবে ব্রিফিং দেন। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতা বজায় রাখার আহ্বান জানান।এরপর তিনি শ্রীবরদী ও ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি কাভারেজ এবং ভোটারদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আশ্বাস দেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার-টু-ডিআইজি) মো. পারভেজ আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুনসহ শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।