শেরপুর     সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

আর্কাইভ দেখুন

ঝিনাইগাতীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি

ঝিনাইগাতীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে র‍্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ধানহাটি এলাকায় বিএনপির কার্যালয় থেকে র‍্যালিটি বের করা হয়। পরে র‍্যালিটি ঝিনাইগাতী শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশ নেন।পরে বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামীম মোস্তফার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আবদুল মান্নানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার চেয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। এ দাবিতে তারা মজুরি বোর্ডের কাছে প্রস্তাব জমা দিয়েছেন। সোমবার(৯ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায় এই প্রস্তাব দেয় শ্রমিক পক্ষ। বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন বোর্ডের সদস্যরা।তবে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সোমবার বোর্ডের দ্বিতীয় সভা শেষে ব্রিফিংকালে জানান, মালিক পক্ষের প্রতিনিধিদের তরফ থেকে এখনো লিখিত প্রস্তাব দেওয়া হয়নি। এ বিষয়ে লিখিত প্রস্তাব দিতে তাদের ৪ কর্মদিবস সময় দেওয়া হয়েছে।এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে একমত হন।


হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন বলে খবরের সত্যতা এখন পর্যন্ত যাচাই করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আজ সোমবার (০৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এই সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।’সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আবেদনটির আইনগত ভিত্তি আছে কি না, যথাযথভাবে করা হয়েছে কি-না এবং আবেদন করার অধিকার আছে কি-না, তা পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও এনআইডি আইন বিবেচনায় নেওয়া হবে।’এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।’স্বৈরশাসক শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন এবং ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি সোমবার এ আবেদন করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।


শেরপুরে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক

শেরপুরে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক

শেরপুর জেলার কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন । বিশেষ করে গারো পাহাড় অঞ্চলের তিন উপজেলায় আগাম সবজির আবাদ বেড়েছে। অতিরিক্ত তাপমাত্রা, অসময়ের বৃষ্টি ও পোকামাকড়ের আক্রমণের ঝুঁকি থাকলেও অধিক লাভের আশায় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন সবজি খেতের পরিচর্যায়। জেলার বিভিন্ন এলাকায় মাঠের পর মাঠজুড়ে এখন দেখা মিলছে সবুজের সমারোহ। কিছুদিন আগেও যেসব জমিতে ধানের আবাদ ছিল। সেসব জমিতে এখন শোভা পাচ্ছে বাঁধাকপি, ফুলকপি, করলা, শিম, টম্যাটো, বেগুন ও লাউসহ নানা ধরনের শীতকালীন সবজি। শীত পুরোপুরি আসার আগেই এসব সবজি বাজারে তুলতে পারলে ভালো দাম পাওয়া যাবে বলে আশা করছেন চাষিরা। ঝিনাইগাতী উপজেলার আদর্শ কৃষক আনোয়ার হোসেন বলেন, আশা করি সবজি চাষে এবার লাভবান হবো। তাই সকাল থেকে বিকেল পর্যন্ত সবজি ক্ষেতে কাজ করে যাচ্ছি।শেরপুর সদর উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকার কৃষকরা এবার আগাম বেগুন, আলু, বাঁধাকপি ও ফুলকপিসহ হরেক রকম সবজি চাষ করেছেন। আগাম সবজি উৎপাদনে খরচ কিছুটা বেশি হলেও বাজারে চাহিদা ও দাম ভালো পাওয়ার আশায় বাড়তি পরিশ্রম করছেন তারা। জেলা কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর শেরপুর জেলায় প্রায় ৪ হাজার হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় বেশি। কৃষকদের মধ্যে আগাম সবজি চাষের আগ্রহ দিন দিন বাড়ছে। তবে সার, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণের দাম কমানো গেলে উৎপাদন খরচ অনেকটাই কমবে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা। এতে কৃষকরা যেমন লাভবান হবেন। তেমনি সাধারণ ভোক্তারাও তুলনামূলক কম দামে সবজি কিনতে পারবেন।শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, শীতকালীন সবজিকে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিক পদ্ধতিতে বালাইনাশক প্রয়োগসহ প্রয়োজনীয় বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের সহযোগিতা করছেন।


জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে ধর্ষণ মামলায় ইউনুছ আলী (৩৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছে আদালত। সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।  মামলা সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকার গাজী রহমানের ছেলে ইউনুছ আলী তার প্রতিবেশী ২৩ বছর বয়সী এক নারীকে ইশারা ইঙ্গিতে কু-প্রস্তাব দিত। পরবর্তীতে ফোন নম্বর সংগ্রহ করে মোবাইলেও কু-প্রস্তাব ও উত্যক্ত করত। বিষয়টি ওই যুবকের অভিভাবকদের জানানোর পর সে আরও ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরে গত ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই নারী ঘরের বাইরে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা ইউনুছ আলী তাকে বাড়ির পাশের ধান ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই নারীর ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এসে ইউনুছ আলীকে আটক করে। পরের দিন ইউনুছ আলীর বাবা-মা ডাংধরা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যানকে সাথে নিয়ে ওই রাতেই তাদের বিয়ে সম্পন্ন করতে সম্মত হয়। পরে ইউপি চেয়ারম্যান তার নিজের জিম্মায় আটক যুবক ইউনুছ আলীকে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু এরপর থেকে ওই যুবক বিয়ে করতে তালবাহানা শুরু করে। ইউনুছ আলী বিয়ে না করায় গত ৮ সেপ্টেম্বর নির্যাতনের শিকার ওই নারী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হলে সুস্থ হয় ওই নারী। এ ঘটনার কয়েকদিন পর ওই বছরের ২৯ সেপ্টেম্বর নির্যাতনের শিকার ওই নারী জামালপুর আদালতে ইউনুছ আলীকে আসামী করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, মামলায় ৭ জন স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আসামির উপস্থিতিতে আজ আদালত রায় দিয়েছেন। দীর্ঘ ১০ বছর পর মামলার রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ।মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মীর মেহেদী হাসান।


শেখ হাসিনা স্টান্টবাজি করছেন, তিনি আর ফিরবেন না: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা স্টান্টবাজি করছেন, তিনি আর ফিরবেন না: চিফ প্রসিকিউটর

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবরকে রাজনৈতিক ‘স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেছেন, ‘সি উইল নট কামব্যাক’। সোমবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি।চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা এখন যা করছে, এইগুলা স্টান্টবাজি। সি উইল নট কামব্যাক।’এ সময় দণ্ডিত শেখ হাসিনার আত্মসমর্পণের ইচ্ছার বিষয়ে আগামীকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। এ বিষয়ে তাঁর আইনজীবীরা বাংলাদেশের নয়াদিল্লি দূতাবাসে একটি চিঠিও পাঠিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন তিনি।এদিকে, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারত সরকারকে একাধিকবার চিঠি পাঠানোর কথা জানিয়েছে বাংলাদেশ সরকার।


ব্যাংকের আর্থিক সক্ষমতা যাচাই ছাড়াই বিপিসির আমানত, তদন্তে সাত সদস্যের কমিটি

ব্যাংকের আর্থিক সক্ষমতা যাচাই ছাড়াই বিপিসির আমানত, তদন্তে সাত সদস্যের কমিটি

দেশের জ্বালানি তেল আমদানির জন্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর ৪ হাজার ৮১৩ কোটি টাকার বেশি স্থায়ী আমানত (এফডিআর) আর্থিকভাবে দুর্বল ও সংকটে থাকা বিভিন্ন বেসরকারি ব্যাংকে রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। বিপুল এই অর্থের নিরাপত্তা, আমানত রাখার সিদ্ধান্তের প্রক্রিয়া এবং এ ক্ষেত্রে কোনো অনিয়ম বা আর্থিক সুবিধা নেওয়ার ঘটনা ঘটেছে কি না—তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিপিসি।বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত অফিস আদেশে গত ৩ নভেম্বর সাত সদস্যের এ তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিপিসির পরিচালক (অর্থ) নাজনীন পারভীনকে। ব্যবস্থাপক (হিসাব/তহবিল) মো. আল-আমিনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে এক মাসের মধ্যে তদন্ত শেষে বিপিসি চেয়ারম্যানের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।তদন্তের উদ্যোগের বিষয়ে সংশ্লিষ্টদের মতে, জ্বালানি তেল আমদানির মতো গুরুত্বপূর্ণ জাতীয় খাত পরিচালনায় বিপিসির হাতে নিয়মিতভাবেই বড় অঙ্কের অর্থ থাকে। এসব অর্থ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ব্যাংকে স্থায়ী আমানত বা এফডিআর হিসেবে রাখা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের ব্যাংক খাতে তারল্য সংকট, দুর্বল আর্থিক ভিত্তি ও সুশাসন নিয়ে নানা প্রশ্ন তৈরি হওয়ায় দুর্বল ব্যাংকগুলোতে বিপুল সরকারি অর্থ রাখার সিদ্ধান্ত নতুন করে আলোচনায় এসেছে।তদন্ত কমিটি প্রথমেই জানতে চাইবে, কোন প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে বিপুল অঙ্কের এফডিআর রাখা হয়েছিল। একই সঙ্গে কোন কর্মকর্তা বা কর্মকর্তাদের সুপারিশে এসব সিদ্ধান্ত নেওয়া হয় এবং আমানত রাখার ক্ষেত্রে ব্যাংকের সুদের হার ছাড়াও কী কী আর্থিক সূচক ও ব্যবসায়িক মানদণ্ড বিবেচনায় নেওয়া হয়েছিল—তা খতিয়ে দেখা হবে।বিশেষ করে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা, তারল্য পরিস্থিতি ও আমানত ফেরত দেওয়ার সক্ষমতা যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় আসবে।বিপুল অঙ্কের আমানতের ক্ষেত্রে কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন কি না, কিংবা কোনো ধরনের কমিশন, ঘুষ বা অনৈতিক আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন কি না—তাও তদন্ত করে দেখবে কমিটি।ব্যাংকগুলোর তুলনামূলক বেশি সুদের প্রস্তাবকে এফডিআর রাখার সিদ্ধান্তে কতটা গুরুত্ব দেওয়া হয়েছিল এবং এ ধরনের প্রস্তাবের আড়ালে কোনো অনৈতিক সুবিধা নেওয়া হয়েছিল কি না, সেটিও অনুসন্ধানের বিষয় হিসেবে রাখা হয়েছে।তদন্ত কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে বর্তমানে বিভিন্ন নাজুক ব্যাংকের এফডিআরে থাকা ৪,৮১৩.৩২ কোটি টাকা নিরাপদে ফেরত আনার উপায় নির্ধারণ করা।এ ক্ষেত্রে কোন ব্যাংকে কত অর্থ রয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বর্তমান আর্থিক অবস্থা কী এবং নির্ধারিত সময়ে আমানত ফেরত পাওয়ার ক্ষেত্রে কী ধরনের ঝুঁকি রয়েছে—এসব বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় কর্মপরিকল্পনার সুপারিশ করবে কমিটি।বিপিসি ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ স্থায়ী আমানত ব্যবস্থাপনার জন্য একটি শক্তিশালী নীতিমালা তৈরির বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। সেখানে ব্যাংকের আর্থিক সক্ষমতা, তারল্য, নগদ প্রবাহ, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও আমানত ফেরতের সক্ষমতাকে গুরুত্ব দেওয়ার সুপারিশ করা হতে পারে।বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপনায় শুধু বেশি সুদের হার বিবেচনা না করে সংশ্লিষ্ট ব্যাংকের সামগ্রিক আর্থিক সক্ষমতা ও ঝুঁকি মূল্যায়ন জরুরি। বিশেষ করে জ্বালানি তেল আমদানির মতো জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ খাতে ব্যবহৃত অর্থের ক্ষেত্রে বিনিয়োগ ও আমানত ব্যবস্থাপনায় বাড়তি সতর্কতা প্রয়োজন।বিপিসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেই এখন স্পষ্ট হবে—দুর্বল ব্যাংকগুলোতে বিপুল অর্থ রাখার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছিল, সেখানে কোনো অনিয়ম বা ব্যক্তিগত সুবিধা নেওয়ার ঘটনা ঘটেছিল কি না এবং আটকে থাকা অর্থ নিরাপদে ফেরত আনার জন্য কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।জনগণের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে একই ধরনের ঝুঁকি এড়াতে কার্যকর নীতিমালা ও কঠোর আর্থিক নজরদারি প্রতিষ্ঠাই তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল হিসেবে বিবেচিত হচ্ছে।


নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতিতে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে আইনজীবীর মাধ্যমে এই আবেদন করেছেন তিনি। সোমবার (৮ নভেম্বর) পাঠানো এ-সংক্রান্ত একটি চিঠি দেখার পর খবরটি জানিয়েছে রয়টার্স।২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর শেখ হাসিনার এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর এই প্রথম সামনে এলো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রাণঘাতী গণঅভ্যুত্থানের মুখে দীর্ঘদিনের ক্ষমতা হারানোর পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি হাসিনার এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাশ ইস্যু করা হবে না বলে জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ভারত-বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।হুমায়ুন কবির বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাশ ইস্যু করা হবে না।তিনি আরও বলেন, শেখ হাসিনা একজন পলাতক, ফ্ল্যাগড সন্ত্রাসী। ‘শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি রংপুরে বেড়াতে আসবেন যে পাসপোর্ট দিতে হবে? তাকে হ্যান্ডওভার চাই।’ তার ভাষ্য, একজন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে পাসপোর্ট নয়, প্রয়োজন বিচারিক প্রক্রিয়া। দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে হস্তান্তর করতে হবে।এর আগে গত ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি বাংলাদেশে ফিরতে চান।যদিও দেশে ফেরার আগে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতারা। রয়টার্সকে দলটির নেতারা জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের তারিখ নির্ধারণ করা হবে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর।বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। দলটির জ্যেষ্ঠ নেতাদের বড় একটি অংশ শেখ হাসিনার মতো ভারতে অবস্থান করছেন, কেউ কেউ অন্য দেশে আত্মগোপনে রয়েছেন। আবার অনেকে কারাগারে আছেন।গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারত থেকে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়েছেন।লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন।চিঠিতে বলা হয়, আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।আইনজীবীরা শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতার আলোকে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন।এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে।অন্যদিকে তার দেশে ফেরার বিষয়টি ভারত ও বাংলাদেশের মধ্যকার টানাপড়েন কমাতেও ভূমিকা রাখতে পারে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই নয়াদিল্লি ও ঢাকার সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি ঘটেছে।সূত্র: রয়টার্স


শেরপুরে আধুনিক অফিসার্স মেস নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন ডিআইজি

শেরপুরে আধুনিক অফিসার্স মেস নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন ডিআইজি

শেরপুরে জেলা পুলিশের জন্য আধুনিক অফিসার্স মেস নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। রবিবার (৮ নভেম্বর) দুপুরে রেঞ্জ ডিআইজি শেরপুর সদর থানার পাশে প্রস্তাবিত অফিসার্স মেসের নির্ধারিত স্থান সরেজমিনে পরিদর্শন করেন।এসময় পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে ডিআইজি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্মাণকাজ দ্রুত শুরু করার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।অফিসার্স মেসটি নির্মিত হলে শেরপুরে সফররত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আবাসন সংকট নিরসনের পাশাপাশি তাঁদের দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।উল্লেখ্য, ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন ৪টি জেলার মধ্যে ইতোমধ্যে ৩টি জেলায় অফিসার্স মেস রয়েছে।


শেরপুরে কমিউনিটি পুলিশিং আন্তঃজেলা কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও পুরস্কার বিতরণী

শেরপুরে কমিউনিটি পুলিশিং আন্তঃজেলা কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও পুরস্কার বিতরণী

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ জীবন গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা, কিশোর গ্যাং প্রতিরোধ এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে প্রথম কমিউনিটি পুলিশিং আন্তঃজেলা কাবাডি চ্যাম্পিয়নশিপ, ময়মনসিংহ রেঞ্জের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর রবিবার বিকেলে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ময়মনসিংহ রেঞ্জ ও শেরপুর জেলা পুলিশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।ওইসময় তিনি বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যবোধ গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। খেলাধুলার চর্চা তরুণ সমাজকে মাদকাসক্তি, অপরাধপ্রবণতা ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করে। এ ধরনের ক্রীড়া ও জনসম্পৃক্ততামূলক আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ ধারার খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ওইসময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।খেলা শেষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নারী বিভাগে জামালপুর জেলা দল চ্যাম্পিয়ন এবং নেত্রকোণা জেলা দল রানার্সআপ হয়। অন্যদিকে পুরুষ বিভাগে শেরপুর জেলা দল চ্যাম্পিয়ন এবং ময়মনসিংহ জেলা দল রানার্সআপ হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, ক্রেস্ট ও মেডেল তুলে দেন। ফাইনাল খেলাকে কেন্দ্র করে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে খেলোয়াড় ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


শেরপুরে সমবায় পণ্য মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে সমবায় পণ্য মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৮ নভেম্বর রবিবার সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ডিসি উদ্যানে সমবায় পণ্য মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। পরে তিনি জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।


ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হওয়ায় মজনু মিয়াকে সংবর্ধনা

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হওয়ায় মজনু মিয়াকে সংবর্ধনা

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে নির্বাচিত হওয়ায় শেরপুরের মো. মজনু মিয়াকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। ৮ নভেম্বর রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।অনুষ্ঠানে তাঁর এ অর্জনে জেলা প্রশাসন, শেরপুরের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতেও জনসেবায় তাঁর নিষ্ঠা ও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এর আগে ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। মজনু মিয়া শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের সাতানিপাড়া গ্রামের গ্রাম পুলিশ। দায়িত্ব পালনে নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হন।


শেরপুরে জমি নিয়ে বিরোধ, ভাতিজাদের হামলায় চাচা নিহত

শেরপুরে জমি নিয়ে বিরোধ, ভাতিজাদের হামলায় চাচা নিহত

শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের হামলায় জিন্নাত আলী (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ৮ নভেম্বর রবিবার সন্ধ্যায় সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারসংলগ্ন কাজীরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিন্নাত আলী কাজীরচর গ্রামের মৃত তনু শেখের ছেলে। তিনি পানি উন্নয়ন বোর্ডের সাবেক গাড়িচালক ছিলেন।এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অভিযুক্তদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক খণ্ড জমি নিয়ে জিন্নাত আলীর সঙ্গে তাঁর ভাতিজাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে গত এক বছর যাবত মামলা-মোকদ্দমাও চলছিল। রবিবার দুপুরে জমির বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যায় ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ আরও চার-পাঁচজন জিন্নাত আলীর ওপর হামলা করেন। এ সময় জিন্নাত আলীকে কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে গুরুতর আহত অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মো. জিন্নাত আলী নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে ইসিজি করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর তাঁকে মৃত ঘোষণা করা হয়।এদিকে জিন্নাত আলীর মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে অভিযুক্তদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।নিহত জিন্নাত আলীর ছেলে মো. বাবু বলেন, আমাদের জমিজমা নিয়ে গত এক বছর ধরে ঝামেলা চলছিল। আমরা আদালতের মাধ্যমে এই জমির ডিক্রি পেয়েছি। তারপরও তারা জমি দাবি করছে। আজ আমার বাবাকে তারা মেরে ফেলেছে। আমরা এর বিচার চাই। জিন্নাত আলীর বন্ধু দেলোয়ার হোসেন দেলু বলেন, জিন্নাত আলী আর আমি একসঙ্গে চলাফেরা করি। অনেক ভালো মানুষ ছিলেন তিনি। এই জমি নিয়ে তাঁর ভাইয়ের ছেলেদের সঙ্গে অনেক দিন ধরে ঝামেলা চলছিল। রবিবার দুপুরে জমির বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। সন্ধ্যায় তারা আক্রমণ করে।এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন নারীকে আটক করা হয়েছে।


অস্থিরতা নয়, জাতীয় ঐক্যের মাধ্যমে গণতন্ত্র রক্ষার আহ্বান

অস্থিরতা নয়, জাতীয় ঐক্যের মাধ্যমে গণতন্ত্র রক্ষার আহ্বান

দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে নাশকতা এবং ষড়যন্ত্রের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের ভেতর কিংবা বাইরে থেকে কোনো ধরনের ষড়যন্ত্রই জনগণের ঐক্য ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। জাতীয় স্বার্থে সব পক্ষকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবেই দেওয়া হবে। বাংলাদেশের জনগণ অতীতেও কোনো অপশক্তির কাছে নত হয়নি, ভবিষ্যতেও হবে না।প্রধানমন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দেশের বিভিন্ন স্থানে নাশকতা, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ এবং রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ, বিরোধী দলের সরকারবিরোধী কর্মসূচি এবং বিভিন্ন রাজনৈতিক পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, পোশাকশ্রমিকদের অসন্তোষকে কাজে লাগিয়ে একটি রাজনৈতিক গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও রাজনৈতিক নেতাদের বক্তব্যে নিষিদ্ধ আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন এবং তাদের পলাতক নেতাকর্মীদের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগও উঠেছে।তবে শ্রমিক আন্দোলনের পেছনে কেবল রাজনৈতিক কারণ নয়, শ্রমিকদের বিভিন্ন দাবি, অর্থনৈতিক চাপ এবং শিল্পখাতের অভ্যন্তরীণ সমস্যাও রয়েছে বলে সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে এসেছে। ফলে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও শ্রমিকদের বাস্তব দাবির বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।সরকারের একাধিক মন্ত্রী অভিযোগ করেছেন, আগামী ডিসেম্বরকে সামনে রেখে একটি বিশেষ গোষ্ঠী সরকারকে চাপে ফেলতে শ্রমিকদের ব্যবহার করছে। তাদের প্রশ্ন, শ্রমিকদের আন্দোলন কি শুধুই অধিকার আদায়ের কর্মসূচি, নাকি এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে। মিরপুর, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছদ্মবেশে যুক্ত হয়ে সহিংসতা ও বিশৃঙ্খলা উসকে দিচ্ছেন—এমন অভিযোগও করেছে সরকার।স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপি ও তাদের অনুসারীদের একটি অংশ বর্তমান অস্থিরতার পেছনে ভূমিকা রাখছে। নিষিদ্ধ আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়েছে।এ পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে বলে মনে করছে সরকার। কিন্তু একই সময়ে প্রধান বিরোধী দল ও তাদের শরিকদের সরকারবিরোধী কর্মসূচি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসনসহ সাত দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট দেশের বিভিন্ন অঞ্চলে লং মার্চ কর্মসূচি পালন করছে। গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম অভিমুখী কর্মসূচির মধ্য দিয়ে এর সূচনা হয়। এরপর ১৯ সেপ্টেম্বর রংপুর এবং সর্বশেষ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে তৃতীয় দফার লং মার্চ অনুষ্ঠিত হয়।এসব কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতারা বক্তব্য দিয়েছেন। বক্তৃতায় সরকারের বিভিন্ন নীতির সমালোচনার পাশাপাশি সরকারবিরোধী কঠোর বক্তব্যও এসেছে। কোথাও কোথাও সরকার পতন এবং নতুন আন্দোলনের কথাও বলা হয়েছে। সামনে বরিশাল, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগেও একই ধরনের কর্মসূচি পালনের কথা রয়েছে।এ অবস্থায় রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক মাসের মধ্যেই বিরোধী দল কেন এতটা কঠোর কর্মসূচি নিচ্ছে। সংসদের বাইরে ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে বিরোধী দল কী ধরনের রাজনৈতিক বার্তা দিতে চাইছে, তা নিয়েও আলোচনা চলছে।রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সরকার ও বিরোধী পক্ষের মুখোমুখি অবস্থান পলাতক রাজনৈতিক শক্তি কিংবা অন্য কোনো স্বার্থান্বেষী মহলকে অস্থিতিশীলতা তৈরির সুযোগ করে দিতে পারে। সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও অন্যান্য নাশকতার ঘটনাকে তারা উদ্বেগজনক হিসেবে দেখছেন।শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর আদাবর, শাহবাগ, বিমানবন্দর, খিলগাঁও ও মিরপুরের কালশী এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে বারিধারার প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।এর আগের দিন রাজধানীর রায়েরবাজারে কৃষি মার্কেটের সামনে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গাড়িটির চালক আহত হন। মিরপুর-১২ নম্বর এলাকাতেও একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে বাসের কর্মী ও স্থানীয়দের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে বলে পুলিশ জানিয়েছে।এক রাতেই রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়টি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংঘাত ও বিভাজন বাড়লে এর সুযোগ নিতে পারে নানা পক্ষ। জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে যে রাজনৈতিক ও সামাজিক ঐক্যের কথা বলা হয়েছিল, সেই ঐক্য দুর্বল হলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। একই সঙ্গে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়লে অর্থনীতি, শিল্প ও জনজীবনেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।এমন প্রেক্ষাপটে নাশকতা, সহিংসতা ও দেশবিরোধী যেকোনো তৎপরতার বিরুদ্ধে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। ৭ নভেম্বরের সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যেও সেই ঐক্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে।দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দল, সামাজিক শক্তি এবং সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রয়োজনীয়তার কথাই সামনে এসেছে। নাশকতা ও ষড়যন্ত্র মোকাবিলায় বিভাজনের পরিবর্তে জাতীয় স্বার্থে সমন্বিত অবস্থানই পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে।


নির্মাণযজ্ঞ ও কালো ধোঁয়ার ফাঁদে ঢাকার অভিজাত এলাকা

নির্মাণযজ্ঞ ও কালো ধোঁয়ার ফাঁদে ঢাকার অভিজাত এলাকা

রাজধানীর অভিজাত আবাসিক এলাকাগুলোও এখন আর বায়ুদূষণের ঝুঁকি থেকে মুক্ত নয়। নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের কালো ধোঁয়া, বর্জ্য পোড়ানো এবং আশপাশের এলাকার দূষিত বাতাস মিলিয়ে গুলশান, বনানী, বারিধারা ও ধানমন্ডির মতো এলাকাতেও বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, দূষণের এই প্রবণতা দীর্ঘস্থায়ী হলে বসবাস ও ব্যবসার জন্য আকর্ষণীয় এসব এলাকার পরিবেশগত সুবিধা কমে যেতে পারে।গতকাল সন্ধ্যায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে ঢাকার বায়ুমান ছিল ১৬৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল তৃতীয়। তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে ছিল কুয়েত সিটি ও কলকাতা।আইকিউএয়ারের স্থানীয় পর্যবেক্ষণ অনুযায়ী, ঢাকার মধ্যে সবচেয়ে বেশি দূষণ রেকর্ড করা হয় আগারগাঁওয়ের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) সংলগ্ন এলাকায়। সেখানে বায়ুমান সূচক ছিল ১৮৬।দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল বারিধারা পার্ক রোড, যেখানে সূচক ছিল ১৬৮। বাড্ডার প্রগতি সরণি ও বেচারাম দেউড়িতে ১৬৭, বারিধারা লেকসাইড ও ধানমন্ডিতে ১৬১, গুলশান লেক পার্কে ১৬০, বনানীর ইস্টার্ন হাউজিংয়ে ১৫৬ এবং গুলশান-২-এর গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় ১৫১ স্কোর পাওয়া যায়। অর্থাৎ এসব এলাকার সব কটিই ‘অস্বাস্থ্যকর’ বায়ুমানের মধ্যে ছিল।বায়ুমান সূচকে ০ থেকে ৫০ স্কোরকে ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর বেশি স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।বছরের বেশির ভাগ সময়ই নির্মাণকাজ, সড়কের ধুলাবালি, যানবাহনের ধোঁয়া এবং বিভিন্ন মানবসৃষ্ট কর্মকাণ্ডের কারণে ঢাকার বায়ু দূষিত থাকে। এ দূষণ শুধু ঘনবসতিপূর্ণ বা নিম্নআয়ের এলাকাতেই সীমাবদ্ধ নেই। রাজধানীর পরিকল্পিত ও অভিজাত এলাকাগুলোও এর প্রভাবের বাইরে থাকতে পারছে না।বিশেষজ্ঞদের মতে, গুলশান, বনানী ও ধানমন্ডির দূষণের ক্ষেত্রে স্থানীয় উৎসের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার দূষণও ভূমিকা রাখে। কড়াইল বস্তিতে মাটির চুলায় রান্না ও বর্জ্য পোড়ানোর ধোঁয়া গুলশান-বনানী এলাকায় পৌঁছাতে পারে। একইভাবে কামরাঙ্গীরচরের দূষিত বাতাস ধানমন্ডি পর্যন্ত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আর প্রগতি সরণিতে চলমান খোঁড়াখুঁড়ি ও নির্মাণকাজ থেকে উৎপন্ন ধুলাবালি বারিধারার বায়ুর মান খারাপ করতে পারে।স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, লেকসংলগ্ন অভিজাত এলাকাগুলোতে বায়ুদূষণ দীর্ঘস্থায়ী হওয়ার পেছনে ভৌগোলিক ও পরিবেশগত কারণ রয়েছে। জলাশয়ের ওপরের বাতাসে আর্দ্রতা ও জলীয় বাষ্প বেশি থাকায় ধূলিকণা ও ধোঁয়ার কণা সহজে ছড়িয়ে যেতে পারে না। এগুলো জলীয় বাষ্পের সঙ্গে যুক্ত হয়ে ভারী হয়ে বাতাসে আটকে থাকে।তিনি বলেন, শীতকালে তাপমাত্রার বিপরীতমুখী অবস্থার কারণেও দূষণ আটকে থাকার পরিস্থিতি তৈরি হয়। লেকপারের ঠান্ডা বাতাস নিচে এবং অপেক্ষাকৃত উষ্ণ বাতাস ওপরে অবস্থান করায় এক ধরনের আবরণ তৈরি হয়। এতে যানবাহনের ধোঁয়া ও ধুলাবালি ওপরের দিকে উঠে ছড়িয়ে যেতে না পেরে নিচের স্তরে জমা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ এনায়েত হোসেন বলেন, গুলশান ও বনানীর মতো এলাকায় সুউচ্চ ভবনের ঘনত্ব বায়ুদূষণ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তার মতে, পাশাপাশি নির্মিত উঁচু ভবনগুলো বাতাসের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করে। বিজ্ঞানের ভাষায় এ পরিস্থিতিকে ‘আরবান ক্যানিয়ন এফেক্ট’ বলা হয়। যানবাহন ও আশপাশের বস্তি এলাকা থেকে নির্গত ধোঁয়া যখন এসব ভবনের মধ্যে আটকে যায়, তখন বাতাস তা সহজে সরিয়ে নিতে পারে না। ফলে দূষিত কণাগুলো ভূমির কাছাকাছি আটকে থেকে স্থানীয় বায়ুদূষণের মাত্রা বাড়িয়ে দেয়।গুলশান ও বনানীর বায়ুদূষণের অন্যতম কারণ হিসেবে ব্যক্তিগত গাড়ির ধোঁয়াকে উল্লেখ করেছেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত। তিনি বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে ফিটনেসবিহীন ও অতিরিক্ত কালো ধোঁয়া নির্গতকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।তার মতে, ঢাকার সড়কে এখনো বিপুলসংখ্যক ফিটনেসবিহীন ও কালো ধোঁয়া ছাড়ে এমন যানবাহন চলাচল করছে। এসব যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যক্রমে দুর্নীতি কমানো প্রয়োজন।অন্যদিকে নির্মাণকাজ থেকেও ব্যাপকভাবে ধুলাবালি ছড়াচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ, নির্মাণস্থলে ধুলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেওয়া হলেও অনেক ক্ষেত্রে তা যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না। আইন ও বিধিমালায় এ ধরনের ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও বাস্তবে এর প্রয়োগ দুর্বল।বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলন) বলেন, গুলশান-বনানীতে ব্যাপক নির্মাণকাজ চলছে। উন্নত দেশগুলোতে নির্মাণকাজের সময় ধুলাবালি নিয়ন্ত্রণে একাধিক স্তরের সুরক্ষা ব্যবস্থা রাখা হয়। বাংলাদেশেও আইন রয়েছে, কিন্তু এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা দরকার।তিনি আরও বলেন, কড়াইল বস্তির দূষণও আশপাশের এলাকার পরিবেশে প্রভাব ফেলছে। বস্তিবাসীর জীবনমান উন্নয়নে হাসপাতাল ও পরিচ্ছন্ন বাজারসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বর্জ্য পোড়ানো বন্ধে দুই সিটি করপোরেশনকে কার্যকর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।তার মতে, বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে গুলশান, বনানী, ধানমন্ডিসহ পুরো রাজধানীর বায়ুর মান উন্নত করা সম্ভব।পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ-১) সিদ্ধার্থ শংকর কুণ্ডু বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের নিয়মিত কার্যক্রম চলছে। এ বিষয়ে একটি কমিটিও কাজ করছে। কমিটির আসন্ন সভায় বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করে পরবর্তী নীতি ও করণীয় নির্ধারণ করা হবে।


শেরপুরে হামলায় বৃদ্ধ নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শেরপুরে হামলায় বৃদ্ধ নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শেরপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জিন্নাত আলী (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিযুক্তদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়।রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারসংলগ্ন কাজীরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিন্নাত আলী ওই গ্রামের মৃত তনু শেখের ছেলে এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাবেক গাড়িচালক ছিলেন।স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে জিন্নাত আলীর সঙ্গে তার ভাতিজাদের আদালতে মামলা চলছিল। এর ধারাবাহিকতায় রোববার দুপুরে কথা-কাটাকাটির পর সন্ধ্যায় কাজীরচর এলাকায় তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তৌহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল।এদিকে জিন্নাত আলীর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ লোকজন অভিযুক্তদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। নিহতের পরিবার এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।


ঝিনাইগাতীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি

ঝিনাইগাতীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি

গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক

শেরপুরে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক

জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

শেখ হাসিনা স্টান্টবাজি করছেন, তিনি আর ফিরবেন না: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা স্টান্টবাজি করছেন, তিনি আর ফিরবেন না: চিফ প্রসিকিউটর

ব্যাংকের আর্থিক সক্ষমতা যাচাই ছাড়াই বিপিসির আমানত, তদন্তে সাত সদস্যের কমিটি

ব্যাংকের আর্থিক সক্ষমতা যাচাই ছাড়াই বিপিসির আমানত, তদন্তে সাত সদস্যের কমিটি

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

শেরপুরে আধুনিক অফিসার্স মেস নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন ডিআইজি

শেরপুরে আধুনিক অফিসার্স মেস নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন ডিআইজি

শেরপুরে কমিউনিটি পুলিশিং আন্তঃজেলা কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও পুরস্কার বিতরণী

শেরপুরে কমিউনিটি পুলিশিং আন্তঃজেলা কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও পুরস্কার বিতরণী

পেট্রোল অকটেন পেতে ঘরে বসে যেভাবে নিবন্ধন করবেন ‘ফুয়েল পাস’

পেট্রোল অকটেন পেতে ঘরে বসে যেভাবে নিবন্ধন করবেন ‘ফুয়েল পাস’

বিএডের ‘কালো আইন’ বাতিল চেয়ে এমপিওভুক্ত শিক্ষকদের শুরুতেই ১০ম গ্রেড দাবি

বিএডের ‘কালো আইন’ বাতিল চেয়ে এমপিওভুক্ত শিক্ষকদের শুরুতেই ১০ম গ্রেড দাবি

শেরপুরে অগ্রণী ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

শেরপুরে অগ্রণী ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

দুই গোল্ড মেডেলসহ আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে অভির বিশ্ব রেকর্ড

দুই গোল্ড মেডেলসহ আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে অভির বিশ্ব রেকর্ড

শিক্ষার্থী সাইফ হত্যার বিচারের দাবিতে উত্তাল শেরপুর, গ্রেফতার ৩

শিক্ষার্থী সাইফ হত্যার বিচারের দাবিতে উত্তাল শেরপুর, গ্রেফতার ৩

শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও শিক্ষা উপকরণ বিতরণ

শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও শিক্ষা উপকরণ বিতরণ

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা, যেভাবে ধরা পড়ল দুই ‘খুনি’

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা, যেভাবে ধরা পড়ল দুই ‘খুনি’

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের প্রবাসী নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের প্রবাসী নিহত

শেরপুর কৃষি ব্যাংকের ঋণের দায়ে নারী গ্রেফতার

শেরপুর কৃষি ব্যাংকের ঋণের দায়ে নারী গ্রেফতার

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা